অবিবাহিত যুগলকে পাথর মেরে হত্যা
বিয়ে না করে শারীরিক সংসর্গের অভিযোগে এক নারী ও পুরুষকে পাথর ছুড়ে হত্যা করেছে মালির কট্টর ইসলামপন্থীরা। উত্তরাঞ্চলীয় আগুয়েলহক শহরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, প্রথমে ওই দুজনকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হয়। এরপর মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়।মালির রাজধানীতে সম্প্রতি এক অভ্যুত্থানের পর দেশটির উত্তর অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে কট্টর ইসলামপন্থী তুয়ারেগ বিদ্রোহীরা। বিচ্ছিন্নতাবাদী তুয়ারেগ গোষ্ঠী প্রথম দিকে যে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল, এর মধ্যে একটি এই আগুয়েলহক। কর্মকর্তারা জানান, কট্টরপন্থীরা প্রায় ২০০ লোকের সামনে ওই যুগলকে পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করে। স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম। ইসলামপন্থীরা ওই অবিবাহিত যুগলকে আগুয়েলহক শহরের কেন্দ্রস্থলে নিয়ে যায়। এরপর তাঁদের দুটি গর্তে পুঁতে ফেলার পর পাথর ছুড়ে হত্যা করে। বিবিসি।