অবৈধ অভিবাসন রোধে আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অভিবাসীদের ঠেকাতে আইনি যত আয়োজন সম্ভব তার সবটুকুই যেন করতে চাইছে যুক্তরাজ্য। অভিবাসীদের বসবাস ও আয়ের সব পথ বন্ধ করে দেশটির সরকার শিগগির একটি নতুন আইন করতে যাচ্ছে। যুক্তরাজ্যের অভিবাসন-বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার নতুন অভিবাসন বিলের বিস্তারিত রূপরেখা গতকাল মঙ্গলবার ঘোষণা করেন।
গত কয়েক মাসে যুক্তরাজ্য সরকার অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করে। বিস্তারিত রূপরেখায় মূলত ওই সব উদ্যোগের পাশাপাশি নতুন কিছু বিষয়ও যুক্ত হয়েছে। সংযুক্ত হওয়া নতুন বিষয়গুলোর মধ্যে আছে, যুক্তরাজ্যে বসবাসের অনুমতি নেই এমন কেউ চাকরি বা কাজ করলে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া, অবৈধ অবস্থায় অর্জিত সমুদয় আয় জব্দ করা এবং তাঁদের আর্থিক জরিমানা করারও সুযোগ।
প্রস্তাবের মধ্যে আরও আছে, অবৈধ অভিবাসীদের যাঁরা চাকরি দেবেন তাঁদের সাজার মেয়াদ সর্বোচ্চ দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা। সেই সঙ্গে আছে প্রত্যেক অবৈধ অভিবাসীকে কাজ দেওয়ার দায়ে বিদ্যমান সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড জরিমানার বিধান। পানশালা, ছোটখাটো দোকানপাট কিংবা কৃষি খামার অবৈধ অভিবাসীকে চাকরি দিলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
এ ছাড়া ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে হিসাব গ্রহীতার তথ্য অভিবাসন সংস্থার সঙ্গে যাচাই করে নিতে হবে, যাতে কোনো অবৈধ অভিবাসী আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিতে না পারেন।
মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেন, ‘যুক্তরাজ্য যে অবৈধ অভিবাসীদের জন্য কোনো উদার গন্তব্যস্থল নয়, নতুন আইনটি সে বার্তাই দিতে সক্ষম হবে।’