অবৈধ অভিবাসী তরুণদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সিদ্ধান্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী তরুণদের আপাতত বিতাড়িত করা হবে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে গত শুক্রবার এ ঘোষণা দেন। তিনি বলেন, অবৈধ অভিবাসী তরুণদের শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেওয়া হবে।হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বয়স ১৬ বছর পূর্ণ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এবং ৩০ বছরের কম বয়সী অবৈধ অভিবাসীরা বিশেষ এই সুযোগ পাবেন। এ জন্য যুক্তরাষ্ট্রে একনাগাড়ে বসবাসের প্রমাণ হিসেবে স্থানীয় কোনো উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয়পত্র অথবা উত্তীর্ণ হওয়ার সনদ দেখাতে হবে। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত অথবা সেনাবাহিনী থেকে সম্মানজনক অবসরে যাওয়া ব্যক্তিরাও যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত কাউকে আবেদনের সুযোগ দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে যাঁরা আদেশ পেয়েছেন, তাঁরা ওই আদেশ প্রাথমিকভাবে দুই বছরের জন্য স্থগিত রাখার আবেদন করতে পারবেন। এ আবেদনের মেয়াদ পরবর্তী সময়ে আরও বাড়ানোর বিধান রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতিপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। শিগগির এ ঘোষণা কার্যকর হবে।অবৈধ অভিবাসীদের বিতাড়নের সিদ্ধান্ত স্থগিত করা প্রসঙ্গে ওবামা বলেন, তরুণ-তরুণীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে বড় হয়েছে, তাদের জন্য নতুন নীতিমালা সময়ের দাবি। এতে ভুক্তভোগী অভিবাসী ও যুক্তরাষ্ট্র উভয়েই লাভবান হবে।অভিবাসন সংস্কার আইন নিয়ে প্রবল রাজনৈতিক চাপের মুখে ওবামা এ ঘোষণা দিলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন বিদ্যালয়ে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কাগজপত্র না থাকলেও মনের দিক থেকে তারা পুরোপুরি আমেরিকান। তাদের অবস্থানে নিজেকে কল্পনা করে দেখুন, জীবনে সবসময় ঠিক কাজটি আপনি করেছেন; অথচ হঠাৎ আপনাকে সম্পূর্ণ অচেনা একটি দেশে চলে যেতে বলা হলো।’সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশীয়, লাতিন আমেরিকান (হিস্পানিক) ও অন্যান্য অঞ্চলের বিপুলসংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাবে। প্রেসিডেন্ট বারাক ওবামার এই ঘোষণায় অভিবাসী সংগঠনগুলো সন্তুষ্ট হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রক্ষণশীল দলগুলো অভিযোগ করেছে। তারা বলছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসীদের সমর্থন অর্জনের জন্য প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে আইন অমান্যকারীদের পুরস্কৃত করা হবে। এই অভিবাসনসুবিধা নিতে অনেকেই জালিয়াতির আশ্রয় নেবে। ভুয়া কাগজপত্র দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদন করবে। কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রশাসনিক আদেশে যুক্তরাষ্ট্রে অভিবাসী তরুণদের বসবাসের সুযোগ দেওয়া প্রসঙ্গে বিরোধী দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক সমালোচনা হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থী মিট রমনি বলেন, অভিবাসীদের নিয়ে সংকট নিরসনে নির্বাহী আদেশের পরিবর্তে আরও দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত প্রয়োজন। কারণ, এ ধরনের আদেশ পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতায় এসে বাতিল করে দিতে পারেন।ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অভিবাসন-সমস্যা সমাধানের এই প্রয়াস দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি করবে।