অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে চ্যালেঞ্জের মুখে সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার জন্য অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ ওঠায় বড় ধরণের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং তার সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করে সারকোজি এবং তাঁর মিত্ররা দাবি করেছেন, তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।অভিযোগ উঠেছে নির্বাচনী প্রচারণার সময় সারকোজির দল ইউনিয়ন ফর এ পপুলার মুভমেন্ট (ইউএমপি) বিশ্বখ্যাত প্রসাধন কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে দেড় লাখ ইউরো নিয়েছিল। ফ্রান্সের সবচেয়ে ধনাঢ্য নারী বেটেনকোর্টের সাবেক এক হিসাবরক্ষকের বরাত দিয়ে তদন্তমূলক প্রতিবেদনের ওয়েবসাইট ‘মিডিয়াপার্ট’ সম্প্রতি এ অভিযোগ তুলেছে। ফ্রান্সে রাজনৈতিক চাঁদা দেওয়ার বিষয়টি কঠোর বিধিবিধানের মাধ্যমে নিয়ন্ত্রিত। সাবেক হিসাবরক্ষক ক্লেয়াও টি মিডিয়াপার্টকে বলেছেন, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগে ইউএমপিকে দেড় লাখ ইউরো দিয়েছিলেন বেটেনকোর্ট। ইউএমপির কোষাধ্যক্ষ এবং বর্তমান শ্রমমন্ত্রী এরিক জ্যাখ্ট ওই অর্থ গ্রহণ করেছিলেন।ওই লেনদেনের বিষষটি ক্ল্যাও টি পুলিশকে জানিয়েছেন বলে তাঁর আইনজীবী অঁতোয়ান জিলো বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী ক্ল্যাও টি আরও অভিযোগ করেছেন, সারকোজি প্যারিসের উপশহর নুউয়ির মেয়র থাকাকালীন বেটেনকোর্টের বাড়িতে নৈশভোজ শেষে তার কাছ থেকে টাকাভর্তি খাম নিয়েছিলেন। সারকোজিসহ মধ্য-ডানপন্থী রাজনীতিকরা বেটেনকোর্টের কাছ থেকে নিয়মিত এ রকম অর্থ নিতেন বলে অভিযোগ করেছেন ক্ল্যাও টি। তিনি বলেন, ‘বেটেনকোর্টের বাড়ির সবাই জানেন টাকা নেওয়ার জন্য সারকোজি নিয়মিত ওই বাড়িতে যেতেন। এই সব অভিযোগের বিষয়ে পুলিশ এক স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর প্রচারিত হওয়ার পর এ বিষয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বাজেটমন্ত্রী ফ্রাঁসোয়া বারোয়াঁ একে বিরোধীদের ‘অপপ্রচার’ আখ্যা দেওয়ায় এ নিয়ে প্যারিসে জোর বিতর্ক শুরু হয়েছে। এছাড়া সরকারি অর্থ তছরুপের অভিযোগে সম্প্রতি দুই মন্ত্রী পদত্যাগে বাধ্য হওয়ার পর সরকারের ওপর চাপ আরো বেড়েছে।ক্ষমতাসীন ইউএমপি নেতা জঁ-ফ্রাঁসোয়া কোপসহ সরকারের ডানপন্থী মিত্ররাও এ নিয়ে জনগণের উদ্দেশে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের সহযোগীরা জানিয়েছেন, টেলিভিশনে বক্তৃতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।এছাড়া মন্ত্রীসভায় রদবদলের আহ্বান জানিয়েছেন বিরোধী সোশ্যালিস্ট দলের মুখপাত্র বেনোয়া হ্যামোন। তিনি বলেছেন এ ধরণের অভিযোগ ওঠার পর শ্রমমন্ত্রী এরিক জ্যাখেটর আর অবসরভাতা সংস্কার পরিকল্পনার নেতৃত্বে থাকার বৈধতা নেই। তবে সব অভিযোগ বেশ জোর দিয়ে নাকচ করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর মিত্ররা। একে তারা রাজনৈতিক ষড়যন্ত্র এবং অপপ্রচার বলে দাবি করেছেন।গত মঙ্গলবার সারকোজি সাংবাদিকদের বলেছেন, ‘এই ধরণের অপপ্রচার, অপবাদ যার সামান্যতম ভিত্তিও নেই তার পেছনে না ঘুরে দেশের মানুষ যদি আরও বড় বড় সমস্যা নিয়ে ভাবে তাহলে আমি খুশি হব।’শ্রমমন্ত্রী জ্যাখ্টও নির্বাচনী প্রচারণার জন্য অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এ ধরণের অভিযোগে আমি চরম অপমানিত হয়েছি। এএফপি, বিবিসি, দ্য গার্ডিয়ান।