অবৈধ অর্থ সহায়তা পাওয়ার অভিযোগ অস্বীকার আম আদমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদেশ থেকে আর্থিক সহায়তা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি (এএপি)। দলটি দিল্লি হাইকোর্টের উদ্দেশে বলেছে, তারা ভারতীয় নাগরিকদের কাছ থেকে ৩০ কোটি রুপি সহায়তা পেয়েছে। এর মধ্যে ৮.৫ কোটি রুপি আসে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, এএপি বিদেশ থেকে আর্থিক সহায়তা নেওয়ার সময় আইন লঙ্ঘনের অভিযোগে দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থে মামলাটিকে কেলেঙ্কারিপূর্ণ, ফাঁপা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়েছে।

দিল্লি হাইকোর্টে নথিপত্র উপস্থাপনের সময় দলটি বলেছে, এএপির খুব কম পরিমাণ তহবিল আছে। রাজনৈতিক তহবিল গ্রহণের ক্ষেত্রে সব দলের চেয়ে বেশি স্বচ্ছতা গ্রহণ করেছে বলেও দাবি দলটির।

আদালতে নথিপত্র উপস্থাপনের সময় এএপির জাতীয় কমিটির সেক্রেটারি পঙ্কজ কুমার গুপ্ত বলেন, ‘এটি (এএপি) একমাত্র দল, যার সব আর্থিক লেনদেনের রেকর্ড আছে। একই সঙ্গে প্রত্যেক দাতার নাম ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’

হাইকোর্টে যুক্তিতর্ক উপস্থাপনের সময় দল ও দলের কিছু সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের যৌক্তিকতা নেই বলে দাবি করে এএপি। দলটির  দাবি, হাইকোর্টকে অবশ্যই কংগ্রেস, বিজেপিসহ বড় দলগুলোর তহবিলের হিসাব বের করতে তদন্ত চালাতে হবে।

আদালতে এএপি আরও বলেছে, ওই দলগুলো (বড় রাজনৈতিক দল) বেনামে কোটি কোটি রুপি আর্থিক সহায়তা নেয়। বেনামে পাওয়া ওই অর্থের পরিমাণ অনেক বেশি হবে। তাই নির্বাচনী ও ভোটব্যবস্থার স্বচ্ছতার স্বার্থে এ নিয়ে তদন্ত হওয়া উচিত।