পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতিতে অবৈধ বাড়ি নির্মাণ কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির আবাসনমন্ত্রী ইউরি অ্যারিয়েল গতকাল মঙ্গলবার এই দাবি করেন। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার মার্কিন প্রচেষ্টায় সহায়তা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনবিরোধী আন্দোলন পিস নাউ কয়েক সপ্তাহ আগে ওই পদক্ষেপ গ্রহণের বিষয় নিশ্চিত করে। তবে বসতিগুলোতে এরই মধ্যে যেসব স্থাপনা নির্মাণাধীন আছে, তার ওপর এ পদক্ষেপ কোনো প্রভাব ফেলবে না। ইসরায়েলের এই বসতি স্থাপন প্রকল্প নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং এর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে নেওয়া ইসরায়েল-ফিলিস্তিন মধ্যস্থতা প্রচেষ্টা ভেস্তে যাওয়ার মূল কারণ ছিল, ফিলিস্তিনিদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের মাটিতে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম।
ইসরায়েলের আবাসনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে দেশটির আর্মি রেডিও বলেছে, এ বছরের শুরু থেকে জেরুজালেমে একটি ছাড়া অন্য বসতিগুলোতে বাড়ি নির্মাণের কোনো দরপত্র আহ্বান করা হয়নি। একই পদক্ষেপ নেওয়া হয়েছে দখলকৃত পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়ায়।
অবৈধ বসতি স্থাপনের সমর্থক জুইশ হোম পার্টির সদস্য আবাসনমন্ত্রী অ্যারিয়েল বলেন, তাঁর ধারণা, এই নির্মাণকাজ বন্ধ রাখার পদক্ষেপটি সাময়িক।
এদিকে, ফিলিস্তিনিরা মন্ত্রী অ্যারিয়েলের মন্তব্য প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও এক বিবৃতিতে বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে শান্ত করার জন্যই এসব মন্তব্য। প্রকৃত ঘটনা হলো, নেতানিয়াহু সরকারের অধীন অবৈধ বসতি স্থাপন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে।
গত সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা জানান, পশ্চিম তীরের দুটি বসতিতে এক হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। রয়টার্স।