সৌদি আরবে কর্মরত অবৈধ অভিবাসীদের সে দেশ থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর যাবতীয় খরচ শ্রমিকদের চাকরিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আদায় করতে হবে। সৌদি আরবের মন্ত্রিসভায় এ-সংক্রান্ত নতুন একটি আইন অনুমোদন করা হয়েছে। গতকাল সোমবার সৌদি গেজেট পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে।বেসরকারি খাতে নিজেদের আরও বেশি নাগরিককে চাকরি দিতে সৌদি আরবে কর্মরত বিদেশি অবৈধ নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল রপ্তানিকারক দেশটি। সরকারি পরিদর্শকেরা গত কয়েক মাসে কয়েক হাজার নাগরিককে নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। এসব বিদেশি নাগরিকের অনেকে দীর্ঘদিন থেকে সৌদি আরবে দক্ষতার সঙ্গে ব্যবসা চালিয়ে আসছিলেন। সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল আল-ফকিহ গত সপ্তাহে বলেন, অবৈধ শ্রমিকদের আশ্রয়দাতা ক্ষুদ্র ব্যবসায়ীদের রাষ্ট্রের পক্ষ থেকে কারাদণ্ড ও জরিমানাসহ কঠোর শাস্তি দেওয়া হবে। সৌদি গেজেট-এর খবরে বলা হয়, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নতুন আইন অনুযায়ী অবৈধ বিদেশি নাগরিককে পাঠিয়ে দেওয়ার খরচ সরকারকে বহন করতে হবে না। সৌদি আরবের অন্যতম প্রধান পত্রিকাটির ওই খবরে বলা হয়, শ্রম আইন ভঙ্গ করে হজ বা ওমরাহ ভিসায় অতিরিক্ত সময় সৌদি আরবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বের করে দেওয়া হবে। তাঁদের আবার সৌদি আরবে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। ইয়েমেন ও ভারতের কেরালা রাজ্যের কর্মকর্তারা সৌদি মন্ত্রিসভার নতুন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইয়েমেন ও ভারতের এই রাজ্যটিসহ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া ও আরব দেশগুলোর প্রায় ৯০ লাখ মানুষ সৌদি আরবে কাজ করেন।সৌদি আইন অনুযায়ী, বিদেশ থেকে আসা প্রতিটি নাগরিককে অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্পনসর দিয়ে আনতে হবে। পত্রিকার খবরে বলা হয়, নিখোঁজ বা আত্মগোপনকারী শ্রমিক ও হজযাত্রীকে দেশ ত্যাগে বাধ্য করার ক্ষেত্রে তাঁর আর্থিক ক্ষতিপূরণ স্পনসরকারী এবং হজ ও ওমরাহ পালনে সহায়তাকারী ট্রাভেল কোম্পানিকেই বহন করতে হবে। রয়টার্স।