অব্যাহতি পেলেন থাকসিনের সাবেক স্ত্রী পোজামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে কর ফাঁকির দায়ে তিন বছরের সাজা থেকে বেকসুর খালাস পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাবেক স্ত্রী পোজামান। সাজার বিরুদ্ধে তাঁর আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার আদালতের বিচারক তাঁকে অব্যাহতি দেন।ব্যাংককের ওই ফৌজদারি আদালতের বিচারক মামলার রায়ে উল্লেখ করেন, পোজামান যখন পারিবারিক টেলিযোগাযোগ ব্যবসার অংশ তাঁর ভাইয়ের কাছে বিক্রি করেন, ওই সময় কর দেওয়ার বিষয়টি তাঁর দায়িত্বের মধ্যে ছিল না। কাজেই তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া রায় কার্যকর হবে না।থাকসিন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। সেনা-সমর্থিত পরবর্তী সরকার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। গ্রেপ্তার এড়াতে তিনি বিদেশে পাড়ি জমান।থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর পরিবারের কয়েকজন সদস্য এ ধরনের দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের সম্মুখীন হন। এর মধ্যে পোজামানও রয়েছেন।তবে পোজামান খালাস পেলেও একই অভিযোগে তাঁর ভাই বানাপত দামাপং খালাস পাননি। তাঁর সাজা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে থাই মুদ্রায় তাঁকে এক লাখ বাথ জরিমানা করা হয়।২০০৮ সালের জুলাইয়ে পোজামান, তাঁর ভাই ও পোজামানের ব্যক্তিগত সহকারী কানজানাপা হংহিউনের বিরুদ্ধে ৫৪ কোটি ৬০ লাখ বাথ (এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার) কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই মামলা হয়। এএফপি।