অভাবে চার মেয়েসহ দম্পতির আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের জ্বালা সইতে না পেরে ভারতীয় এক দম্পতি চার কন্যাসন্তানসহ আত্মহত্যা করেছেন। তাঁরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ঐতিহাসিক তারাপীঠের একটি আশ্রমের অতিথি নিবাসে উঠেছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

আত্মহত্যার আগে গুজরাট রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা ওই দম্পতি চিরকুটে লিখে গেছেন—আর্থিক অনটনের কারণেই তাঁরা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। তাঁদের বাড়িঘর, জমিজমা, টাকা-পয়সা কিছুই নেই। গত ২৪ ডিসেম্বর চার মেয়েকে নিয়ে এই দম্পতি তারাপীঠের কালীমন্দিরে পুজো দিয়ে স্থানীয় একটি আশ্রমের অতিথি নিবাসে উঠেছিলেন। গতকাল বেলা ১১টা পর্যন্ত অতিথি নিবাসের  কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয় আশ্রম কর্তৃপক্ষ।

পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ছয়জনের লাশ উদ্ধার করে। লাশগুলোর পাশে কীটনাশকের বোতল ও চিরকুট পাওয়া যায়। উদ্ধার করা হয় ওই দম্পতির ভোটার পরিচয়পত্র।

ওই ভোটার পরিচয়পত্র থেকে জানা যায়, দম্পতির নাম বিজয় মিশ্র (৪৭) ও কালিন্দী মিশ্র (৪৫)। বাড়ি গুজরাটের সুরাটে। তবে সন্তানদের নাম জানা যায়নি। তাদের বয়স দেড় থেকে ১২ বছরের মধ্যে।

আশ্রমের অতিথি নিবাসের রেজিস্টারে এই দম্পতি তাঁদের ঠিকানা বিহারের পাটনার খেমিনিচকের বাসিন্দা বলে জানিয়েছিলেন।