অভিজ্ঞতা ও শৃঙ্খলার সংকটে লিবিয়ার বিদ্রোহীরা
স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে হটাতে অস্ত্র তুলে নিয়েছে লিবিয়ার সাধারণ মানুষ। গাদ্দাফির আধুনিক বিমানবাহিনী ও প্রশিক্ষিত সেনাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। লড়ছে বিভিন্নভাবে জোগাড় করা সেকেলে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে। তবে এখন বিদেশ থেকেও তারা অস্ত্র সহায়তা পাচ্ছে। মাঝে কিছুটা হতোদ্যোম হলেও বহুজাতিক বাহিনীর বিমান হামলার পর তারা এখন অনেকটাই উজ্জীবিত। কিন্তু তারা দমে যাচ্ছে নিজেদের অভিজ্ঞতা আর শৃঙ্খলার অভাবে। এতে করে হতাশ হয়ে পড়ছে বিদ্রোহীরা।গাদ্দাফিকে হটাতে শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে প্রথম দিকে বিক্ষোভ-আন্দোলন গড়ে তুলেছিলেন কিছু আইনজীবী, ব্যবসায়ী ও অধ্যাপক। ক্রমে সে আন্দোলন জোরদার হতে থাকায় গাদ্দাফির পক্ষ ছেড়ে চলে আসেন কিছু রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা ও সেনা কর্মকর্তা। সুসংগঠিত দীর্ঘমেয়াদি একটি আন্দোলন পরিচালনার জন্য এই বিদ্রোহীরা গড়ে তুলেছে প্রভিশনাল ন্যাশনাল কাউন্সিল। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিকে নিজেদের প্রধান ঘাঁটি বানিয়ে লড়ে যাচ্ছেন স্বৈরশাসক উৎখাতে। নেতৃত্ব দিচ্ছেন গাদ্দাফি সরকারের আমলা, কূটনীতিক ও রাজনীতিকেরা। কিন্তু দীর্ঘমেয়াদি লড়াই চালানোর অভিজ্ঞতা তাঁদের কারও নেই। এর ওপর তাঁদের মধ্যে দেখা দিয়েছে নেতৃত্বের লড়াই। বেনগাজিসহ যে কটি শহর তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, সেখানেও দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি সংকট। এ অবস্থায় হিমশিম খেতে হচ্ছে তাঁদের।ন্যাশনাল কাউন্সিলের উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহি মাঘরেবি বলেন, ‘রাতারাতি আমাদের একটি সরকার গঠন করতে হয়েছে। কিন্তু এ সরকার পরিচালনার দায়িত্ব যাঁদের হাতে পড়েছে, তাঁদের কোনো অভিজ্ঞতাই নেই।’ন্যাশনাল কাউন্সিলের আর্থিক বিষয়টি সামলাচ্ছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আলী তারহুনি। তিনি বলেন, সবকিছুতেই বিশৃঙ্খলা। বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিল ভুল করছে।বিদ্রোহীদের পক্ষে নেতৃত্বে আছেন মার্কিন-প্রবাসী দুই ভাই মুস্তাফা ঘরিয়ানি ও এসাম ঘরিয়ানি। দুজনই উচ্চশিক্ষিত, কিন্তু লিবিয়ায় তাঁদের তেমন প্রভাব নেই, নেই নেতৃত্বের অভিজ্ঞতা।বিদ্রোহীদের প্রধান নেতা গাদ্দাফি সরকারের সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আবদুল জলিল। বিদ্রোহ শুরুর পর তিনি স্বপক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। তবে তাঁর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নিজেকে নেতা দাবি করেন মানবাধিকার আইনজীবী আবদুল হাফেদ ঘোগা।কাউন্সিলের সামরিক বিশেষজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা ওমর হারিরি। ১৯৬৯ সালে গাদ্দাফির অভ্যুত্থানের সময় তিনি তাঁকে সহযোগিতা করেন। কিন্তু ১৯৭৫ সালে গাদ্দাফির বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এরপর অনেক বছর জেল খেটেছেন এবং সাম্প্রতিক বিদ্রোহ শুরুর আগ পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন।বিদ্রোহী সেনাদের নেতৃত্ব দিচ্ছেন গাদ্দাফির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশেষ বাহিনীর কমান্ডার জেনারেল আবদুল ফাতাহ ইউনিস। তবে এখনো বিদ্রোহী বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে তিনি ব্যর্থ হয়েছেন। অনেকেই তাঁকে মানছেন না। কাউন্সিলের উপদেষ্টা অধ্যাপক মাঘরেবি বলেন, অনেকে, বিশেষ করে তরুণ যোদ্ধারা ইউনিসকে বিশ্বাস করে উঠতে পারছেন না।ইউনিস এই দায়িত্বের জন্য উপযুক্ত কি না, জানতে চাইলে কাউন্সিলের আরেক উপদেষ্টা অধ্যাপক তারহুনি বলেন, ‘আমি নিশ্চিত নই, আরও যোগ্য কেউ আছে কি না।’কাউন্সিলের অপর এক সদস্য জানান, মিসর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র-গোলাবারুদের সরবরাহ তাঁরা পাচ্ছেন, কিন্তু নিজেদের নেতৃত্বের শৃঙ্খলার অভাবে তাঁদের সুযোগ নষ্ট হচ্ছে।তারহুনি বলেন, ‘আগে যেমনটা ভেবেছিলাম ততটা সংগঠিত আমরা হয়ে উঠতে পারিনি। আর গাদ্দাফিও ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের জন্য সামনের পথ অনেক কঠিন হবে বৈকি।’ এদিকে লিবিয়ার বিদ্রোহীদের আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে লিবিয়া অভিযানে যেসব দেশ অংশ নিয়েছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনে বিদ্রোহী নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।গাদ্দাফির পতনের পর দেশটির শাসন ক্ষমতা কারা গ্রহণ করবে তা নিয়েও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি গত শুক্রবার জানান, গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় শাসন ক্ষমতা নেওয়ার ব্যাপারে কারা সবচেয়ে ভালো হবে, সে ব্যাপারে বিরোধী পক্ষকে তাঁরা নানা উপদেশ দিতে শুরু করেছেন। লসঅ্যাঞ্জেলেস টাইমস, পিটিআই।