অভিনেতা মিঠুনকে দলে চায় তৃণমূল

বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করতে চায় ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মিঠুনকে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
সূত্রটি জানায়, এ ব্যাপারে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে এখনো কোনো সংকেত পাওয়া যায়নি। অবশ্য মালদহ জেলা তৃণমূলের সভাপতি ও রাজ্যের নারী ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র ওই আসনে মনোনয়ন দৌড়ে আছেন।
এর আগে আসন্ন লোকসভা নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকে প্রার্থী করতে চেয়ে একটি চিঠি দিয়েছিল ভারতীয় জনতা দল (বিজেপি)। কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি প্রদীপ ভট্টাচার্য গতকাল রোববার কলকাতায় সৌরভের বাড়িতে গিয়ে সৌজন্যসাক্ষাতও করেছিলেন। কংগ্রেসও দিল্লির বার্তা পেয়ে সৌরভের কাছে ছুটে গিয়েছিল। আর সিপিএমের নেতা, পলিটব্যুরোর সদস্য ও সাংসদ সীতারাম ইয়েচুরিও একই দিনে বলেছিলেন, সৌরভ বাম মনোভাবাপন্ন। তাঁদের পাশেই থাকবেন তিনি।
কিন্তু রোববারই সৌরভ কলকাতা ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের জানিয়ে দেন, তিনি এখনই নির্বাচনে লড়বেন কি না, তা ঠিক করে উঠতে পারেননি। কোনো দলকেও তিনি নির্বাচনে লড়ার প্রতিশ্রুতি দেননি। তিনি চাইছেন না রাজনীতিতে আসতে।