অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় আর নেই
বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় আর নেই। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। এই অভিনেতা দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অনুরাগ বসুর বরফি। ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ। দ্রুত তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। কাপুরুষ ও মহাপুরুষ, শাখা প্রশাখা, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, সীমাবদ্ধসহ সত্যজিৎ রায়ের বেশির ভাগ ছবিতেই তাঁর অভিনয় সবার নজর কেড়েছে। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেন। হারাধন বন্দ্যোপাধ্যায় ২০০৫ সালে শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। হারাধন বন্দ্যোপাধ্যায় ১৯২৬ সালের ৬ নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। স্কুলের পড়াশোনা শেষ করেন সেখানেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মধ্য দিয়ে তাঁর শিক্ষাজীবন শেষ হয়।