অভিনেত্রীর সঙ্গে ওলাঁদের অন্তরঙ্গ ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ‘ক্লোজার’ দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের (৫৯) সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের (৪১) বেশকিছু অন্তরঙ্গ ছবি ছেপেছে। ওই অভিনেত্রীর সঙ্গে ওলাঁদ সম্পর্কে জড়িয়েছেন বলে খবর প্রকাশ করেছে পত্রিকাটি। আজ শুক্রবার পত্রিকাটির মুদ্রিত সংস্করণে ছবিসহ এ খবর  ছাপানো হয়েছে। খবর বিবিসির।

জুলি গায়েত ফ্রান্সের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী। ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওলাঁদের নির্বাচনী প্রচারণার এক বিজ্ঞাপনেও মডেল ছিলেন তিনি।

পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সরকারি বাসভবন এলিসি প্রাসাদের কাছেই একটি বাড়িতে মিস গায়েতের সঙ্গে রাত্রি যাপন করেন ওলাঁদ। ছবিতে দুজনকে একসঙ্গে সেখানে যেতেও দেখা গেছে। এ সময় ওলাঁদ একটি হেলমেট পরেছিলেন।

প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সরাসরি ব্যাপারটি অস্বীকার করেননি। তবে তিনি এক ব্যক্তিগত বিবৃতিতে জানান, দেশের সব নাগরিকের মতো তাঁরও কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে। সেগুলো গোপন রাখার অধিকারও তাঁর আছে। ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। প্রেসিডেন্টের সব রকম খবর জানার অধিকার আছে বলে মনে করেন তাঁরা।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ কয়েক মাস ধরেই ওলাঁদ ও গায়েতের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছিল। স্ত্রী সেগোলেন ঘয়ালের  সঙ্গে ওলাঁদের বিচ্ছেদ হয়েছে আগেই। তাঁদের চারটি সন্তান রয়েছে। সাংবাদিক ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে বাস করছেন ওলাঁদ। এর মধ্যেই আবার নতুন গুঞ্জন শুরু হলো তাঁকে নিয়ে। ২০১২ সালের মে মাসে ওলাঁদ প্রেসিডেন্ট  হিসেবে দায়িত্ব নেন। ।