কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের সম্মানে গত বুধবার হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নৈশভোজে ক্যালডেরন অ্যারিজোনা অঙ্গরাজ্যের নতুন অভিবাসন আইনের কড়া সমালোচনা করেন। তিনি এর আগেও ওই আইনের সমালোচনা করেছিলেন।ক্ষমতায় আসার পর এটা ওবামার পক্ষ থেকে দ্বিতীয় রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন। এর আগে গত নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে প্রথম নৈশভোজের আয়োজন করেন ওবামা। তবে ওই নৈশভোজে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে অনাহূত অতিথির প্রবেশের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।হোয়াইট হাউসে ক্যালডেরন ও তাঁর স্ত্রী মার্গারিটা জাভালাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। ২০০-এর বেশি অতিথিকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়। তবে এবার কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে অতিথিদের হোয়াইট হাউসে প্রবেশ করতে হয়েছে। তাঁদের দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়েছে এবং পরিচয়পত্র দেখাতে হয়েছে। যথাযথ পরিচয়পত্র না থাকায় একজন নারী অতিথিকে অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি।ক্যালডেরন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভিবাসী মার্কিনদের অনেক বড় অবদান থাকলেও এখনো লাখ লাখ অভিবাসী তাঁদের যোগ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। এ মুহূর্তে অ্যারিজোনার মতো এলাকায় অভিবাসীরা বৈষম্যের শিকার। এই আইনের জের ধরে অ্যারিজোনার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার ব্যাপারে নিজ সরকারে কয়েকজন আইনপ্রণেতার চাপের মুখে রয়েছেন ক্যালডেরন। ক্যালডেরনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, নতুন ওই আইনটি সতর্কভাবে পর্যালোচনা করার জন্য তিনি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও ওই আইনের সমালোচনা করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার ব্যাপারে অভিবাসনব্যবস্থার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ওবামা। সীমান্তে আইনশৃঙ্খলা জোরদার করতে দুই নেতা একটি ঘোষণা দেন।অবৈধ অভিবাসীদের বৈধ করার ব্যাপারে ওবামা বলেন, ‘এ ব্যাপারে রিপাবলিকানদের আংশিক সমর্থন আমরা পেয়েছি। রিপাবলিকানদের সব ভোট পাওয়ার আশা আমরা করি না। তবে উদ্যোগটি বাস্তবায়নে আমার কিছু সমর্থন দরকার।’এ বছরের জুলাই মাসের শেষ ভাগে অ্যারিজোনায় নতুন অভিবাসন আইন কার্যকর হবে। এই আইনের আওতায় অবৈধ অভিবাসী সন্দেহে যেকোনো নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সেখানকার পুলিশ। এই আইনের বিরোধীরা বলছেন, আইনটি বৈষম্যমূলক। এতে ওই অঙ্গরাজ্যের সংখ্যালঘিষ্ঠ হিসপ্যানিক জাতিগোষ্ঠীর মানুষ বৈষম্যের শিকার হবে। বিবিসি, এএফপি, পিটিআই অনলাইন।