অভিবাসননীতি কঠোর করছেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে বসবাস কঠিন করে তোলার পাশাপাশি সামগ্রিক অভিবাসন নীতিতে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২৭ মে নতুন পার্লামেন্টের উদ্বোধন উপলক্ষে রানির দেওয়া ভাষণেই এ-সংক্রান্ত নতুন বিল উত্থাপিত হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানায়, ২০১৪ সালে যুক্তরাজ্যে মোট অভিবাসন ৫২ শতাংশ বেড়ে তিন লাখ ১৮ হাজার হয়েছে। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তৃতায় ক্যামেরন অভিবাসন নিয়ে তাঁর কঠোর পরিকল্পনার কথা তুলে ধরেন। বছরে যে পরিমাণ লোক আসে এবং যে পরিমাণ লোক বাইরে যায় তার পার্থক্যকে বলা হচ্ছে মোট অভিবাসন।
ডেভিড ক্যামেরন বলেন, তাঁর সরকার অভিবাসন নিয়ন্ত্রণে নতুন যে বিল আনছে, তাতে অবৈধ অভিবাসীদের কাজ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাঁদের অর্জিত অর্থ জব্দ করা হবে। এত দিন অভিবাসীরা ধরা পড়ার পর আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পেতেন। নতুন বিলে সেই অধিকার রহিত করে আগে দেশে ফেরত পাঠিয়ে পরে আপিলের বিধান করা হচ্ছে। এর ফলে আশ্রয়প্রার্থীরা ছাড়া অন্যান্য অভিবাসীরা নিয়ম ভঙ্গের দায়ে ধরা পড়া মাত্রই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তারপর তাঁদের যুক্তরাজ্য দূতাবাসের মাধ্যমে আপিল করতে হবে। এ ছাড়া অবৈধ অভিবাসীরা যাতে বাসা ভাড়া না নিতে পারেন ও ব্যাংকে লেনদেন করতে না পারে তা নিশ্চিত করতে স্থানীয় সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বিলে। গত মেয়াদেই এসব নিয়ম চালু করতে চেয়েছিলেন জানিয়ে ক্যামেরন বলেন, তখন কোয়ালিশন সরকারের কনিষ্ঠ অংশীদার লিবারেল ডেমোক্র্যাটস দলের আপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। তিনি বলেন, এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা কনজারভেটিভ দলের মূল্য লক্ষ্যই হবে অভিবাসন নিয়ন্ত্রণ করে ১৯৯০ দশকের পর্যায়ে নিয়ে আসা।
ইতিমধ্যে ক্যামেরনের ঘোষিত নতুন অভিবাসন নীতির নৈতিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। কাউন্সিল ফর দি ওয়েলফেয়ার ইমিগ্রান্টসের পরিচালক আইনজীবী সায়রা গ্র্যান্ট বলেন, অবৈধ অভিবাসীরা নগদ অর্থের বিনিময়ে কাজ করেন। নিজেদের ভরণপোষণের পর উদ্বৃত্ত অর্থ স্বজনদের কাছে পাঠিয়ে দেন। তাহলে আয় জব্দের বিষয়টি কীভাবে কার্যকর হবে? এ ছাড়া আগে দেশে ফেরত পাঠানোর নীতি অভিবাসন কর্মকর্তাদের মধ্যে স্বেচ্ছাচারিতার জন্ম দেওয়ার পাশাপাশি অভিবাসীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করবে বলে সমালোচনা উঠেছে। ধারণা করা হয় যে, যুক্তরাজ্যে ছয় লাখের বেশি অবৈধ অভিবাসী আছে।