অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন ঘোষণা ক্যামেরনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সামগ্রিক অভিবাসন নীতিতে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সদ্য পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশটিতে বসবাস কঠিন করে তোলা হবে। ২৭ মে নতুন পার্লামেন্টের উদ্বোধন উপলক্ষে রানির দেওয়া প্রথাগত ভাষণে বিষয়টি উত্থাপিত হবে বলে জানিয়েছেন ক্যামেরন।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানায়, ২০১৪ সালে দেশটিতে প্রকৃত অভিবাসন ৫২ শতাংশ বেড়ে ৩ লাখ ১৮ হাজার হয়েছে। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তৃতায় ক্যামেরন অভিবাসন নিয়ে তাঁর কঠোর পরিকল্পনার কথা তুলে ধরেন। বছরে যে সংখ্যক লোক বিদেশ থেকে আসে এবং যে সংখ্যক লোক যুক্তরাজ্য ত্যাগ করে, তার পার্থক্যই প্রকৃত অভিবাসন।
সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে বিজয়ী রক্ষণশীল দলের নেতা ক্যামেরন বলেন, সরকার অভিবাসন নিয়ন্ত্রণে নতুন যে বিল আনছে, তাতে অবৈধ অভিবাসীদের কাজ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। তাদের অর্জিত অর্থ জব্দ করা হবে। এত দিন অবৈধ অভিবাসীরা ধরা পড়ার পর আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পেতেন। নতুন বিলে সেই অধিকার রহিত করে আগে বহিষ্কার করে পরে আপিলের বিধান আনা হচ্ছে। এর ফলে আশ্রয়প্রার্থী ছাড়া অন্যান্য অবৈধ অভিবাসী আইন ভঙ্গের দায়ে ধরা পড়া মাত্রই তাঁদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পরে তাঁরা সেখানকার যুক্তরাজ্য দূতাবাসের মাধ্যমে আপিল করতে পারবেন।
অবৈধ অভিবাসীরা যাতে বাসা ভাড়া না নিতে পারেন এবং ব্যাংকে লেনদেন করতে না পারেন, তা নিশ্চিত করার জন্যও স্থানীয় সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে বিলে।গত মেয়াদেই এসব বিধি চালু করতে চেয়েছিলেন জানিয়ে ক্যামেরন বলেন, তখন জোট সরকারের কনিষ্ঠ অংশীদার লিবারেল ডেমোক্র্যাটস পার্টির আপত্তির কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, এবার একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা কনজারভেটিভ পার্টির মূল্য লক্ষ্যই হবে অভিবাসন নিয়ন্ত্রণ করে ১৯৯০ দশকের পর্যায়ে নিয়ে আসা।
ইতিমধ্যে ডেভিড ক্যামেরনের ঘোষিত প্রস্তাবিত অভিবাসন নীতির নৈতিক দিক ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। কাউন্সিল ফর দি ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টসের পরিচালক আইনজীবী সায়রা গ্র্যান্ট বলেন, ‘অবৈধরা নগদ অর্থের বিনিময়ে কাজ করে। নিজেদের ভরণপোষণের পর উদ্বৃত্ত অর্থ স্বজনদের কাছে পাঠিয়ে দেয়। তাহলে আয় জব্দের বিষয়টি কীভাবে কার্যকর হবে?’
এ ছাড়া আগে বহিষ্কার করে পরে আপিলের নীতি অভিবাসন কর্মকর্তাদের মধ্যে স্বেচ্ছাচারিতার জন্ম দেওয়ার পাশাপাশি অভিবাসীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করবে বলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ধারণা করা হয়, যুক্তরাজ্যে ছয় লাখের বেশি অবৈধ অভিবাসী রয়েছেন।
গত মেয়াদে প্রকৃত অভিবাসনের হার বছরে এক লাখের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে চরমভাবে ব্যর্থ হন ক্যামেরন। সেই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে ক্যামেরন গতকাল বলেন, তিনি এখনো ওই লক্ষ্যে স্থির রয়েছেন। সুযোগ-সুবিধা কমিয়ে অভিবাসীদের কাছে যুক্তরাজ্যকে কম আকর্ষণীয় করে তোলার মাধ্যমে তিনি ওই লক্ষ্যে পৌঁছানোর নীতি গ্রহণ করেছেন।
গতকাল প্রকাশিত ওএনএসের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে যাঁরা যুক্তরাজ্যে বসতি গড়েছেন, তাঁদের বড় অংশই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিক। ইইউভুক্ত দেশের মধ্যে নাগরিক ও কর্মীদের কার্যত অবাধ চলাচলের সুযোগ রয়েছে। তবে গত মেয়াদে ক্যামেরন সরকার ইইউভুক্ত দেশগুলোর নাগরিদের জন্যও নানা কড়াকড়ি আরোপ করে। এবার ক্যামেরন ইইউতে যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে গণভোটের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। তবে গণভোট আয়োজনের আগে ইইউ নাগরিকদের জন্য চার বছর পর্যন্ত রাষ্ট্রীয় কল্যাণসুবিধা স্থগিত করতে চায় যুক্তরাজ্য। এটা করা হলে যুক্তরাজ্যে, বিশেষ করে নতুন ইইউভুক্ত হওয়া তুলনামূলক কম ধনী দেশের নাগরিকদের জোয়ার কমে আসবে বলে মনে করছে সরকার।