অভিবাসন সংস্কারে তিন কোটিপতির ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস (বামে), ওয়ারেন বাফেট ও শেলডন অ্যাডেলসন
বিল গেটস (বামে), ওয়ারেন বাফেট ও শেলডন অ্যাডেলসন

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কারের প্রশ্নে দেশটির তিনজন স্বনামখ্যাত কোটিপতি তাঁদের রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন। সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার জন্য তাঁরা মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনা করেছেন।
গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন কোটিপতি বিল গেটস, ওয়ারেন বাফেট ও শেলডন অ্যাডেলসন গতকাল নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত মতামত কলামে তাঁদের এই অভিমত ব্যক্ত করেছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট প্রেসিডেন্ট ওবামার সমর্থক হিসেবে পরিচিত। অপর দিক লাস ভেগাস স্যান্ডস করপোরেশনের প্রধান নির্বাহী সেলডন অ্যাডেলসন ২০১২ সালে ওবামার পুনর্নির্বাচিত হওয়া ঠেকাতে কাজ করেছেন।
এই তিন কোটিপতি বলেছেন, একটি ব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় সমঝোতায় বিভক্তিতে অচল কংগ্রেস ব্যর্থ হয়েছে। এর চেয়ে ভালো কিছুর জন্য আমেরিকা উপযুক্ত।
রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সবার কাছে গ্রহণযোগ্য একটি বিলের খসড়া করতে প্রতিনিধি পরিষদ সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রভাবশালী এই তিন ব্যবসায়ী।
সিনেটে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। এ কারণে বাজেট বরাদ্দ থেকে শুরু করে যেকোনো আইনপ্রণয়নে প্রেসিডেন্ট ওবামাকে চরম বৈরিতার মুখোমুখি হতে হচ্ছে।

রিপাবলিকানরা অভিবাসন সংস্কার আইন প্রণয়নে অনেকটাই অনিচ্ছুক। বিষয়টির সমাধানে ব্যাপক আলোচনা ও একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও রক্ষণশীলদের বিরোধিতায় তা বারবার ব্যর্থ হচ্ছে।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার জন বয়েনার বলেছেন, চলতি বছরের মধ্যে অভিবাসন সংস্কার নিয়ে কোনো আইন-প্রস্তাব গ্রহণের সম্ভাবনা নেই।

তবে ওবামা এর মধ্যেই নির্বাহী বিভাগকে অভিবাসন সংস্কার নিয়ে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন।