অভিবাসী কমানোর পক্ষে যুক্তরাজ্যের তিন-চতুর্থাংশ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের তিন-চতুর্থাংশ নাগরিক অভিবাসী কমানোর পক্ষে। গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে। অভিবাসন প্রশ্নে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের কড়া বিতর্কের মধ্যেই এ নিয়ে জনগণের প্রতিক্রিয়া পাওয়া গেল। যুক্তরাজ্যে ২০১৫ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সামনে রেখে অভিবাসনের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টির সমর্থকেরা অভিবাসনবিরোধী ইউকে ইন্ডিপেনডেনস পার্টির (ইউকেআইপি) দিকে ঝুঁকছেন। এতে করে ক্যামেরনের দলের সামনে অনিশ্চিত এক ভবিষ্যৎ উঁকি দিচ্ছে। এভাবে ভোটার হারাতে থাকলে দলটির জন্য আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টিকে মোকাবিলা করা কঠিন হবে।
যুক্তরাজ্যের সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর চালানো ওই জরিপের ফল বলছে, যুক্তরাজ্যের ৭৭ শতাংশ মানুষই অভিবাসীর সংখ্যায় হ্রাস দেখতে চায়।
অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ যুক্তরাজ্যে অভিবাসী আসার হার কেবল ক্ষুদ্র সংখ্যায় নয়, বৃহৎ সংখ্যায় হ্রাস দেখতে চান। রয়টার্স।