অভিবাসী বিতাড়নের নয়া কৌশল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, কোনো আইনি নোটিশ ছাড়াই বাড়ির মালিকেরা তাঁদের বাসা থেকে অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করতে পারবেন। গতকাল সোমবার ঘোষিত সরকারের নতুন পরিকল্পনাকে অবৈধ অভিবাসীদের বিতাড়নে নয়া কৌশল হিসেবে দেখছেন অনেকে।

সরকার অবৈধ অভিবাসী চিহ্নিত ও বিতাড়নের দায়িত্ব বাড়ির মালিকদের ওপরই চাপিয়ে দিচ্ছে বলে সমালোচনা উঠেছে। আবার নতুন সিদ্ধান্তের ফলে ঝামেলা এড়াতে মালিকপক্ষ বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা বা শ্বেতাঙ্গদের প্রাধান্য দিতে পারে। সে ক্ষেত্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীরাও চরম বিড়ম্বনায় পড়তে পারেন।

অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া নেওয়া ঠেকাতে ভাড়াটিয়ার যুক্তরাজ্যে বসবাসের বৈধ কাগজপত্র যাচাইয়ের বিধান আগেই চালু করেছে সরকার। ২০১৪ সালের আগস্ট মাসে ওয়েস্ট মিডল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয় ওই নিয়ম। সেপ্টেম্বর থেকে সারা দেশে তা প্রয়োগ করার কথা রয়েছে। ওই নিয়মে অবৈধ অভিবাসীর কাছে বাড়ি ভাড়া দিলে তিন হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে ভাড়াটিয়াকে উচ্ছেদের বিষয়টি এত দিন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করত।

নতুন পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাজ্যে যাঁদের আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যাত হবে, তাঁদের সম্পর্কে নোটিশ জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নোটিশের আলোকে মালিকপক্ষ সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবে। আবার বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার যুক্তরাজ্যে অবস্থানের বৈধতা যাচাইয়ের বিধানটিও বলবৎ থাকবে। বাড়ি ভাড়ার এসব নিয়ম দুই দফা ভঙ্গ করলে বাড়িমালিকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, আবেদন প্রত্যাখ্যাত হওয়া মাত্রই আশ্রয়প্রার্থীর সরকারি ভাতা পাওয়া বন্ধ হবে। আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এমন প্রায় ১০ হাজার অভিবাসী বর্তমানে সপ্তাহে ৩৬ পাউন্ড করে ভাতা পাচ্ছেন।

কয়েক মাস ধরে ফ্রান্সের ক্যালে থেকে শত শত অভিবাসী জোর করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। সরকারের ভাষ্য, যুক্তরাজ্য যে অবৈধ অভিবাসীদের জন্য নিরাপদ স্থান নয়—সে বার্তাই দেবে নতুন এই পদক্ষেপ।

ইংরেজি না জানলে সরকারি চাকরি নয়: গত রোববার প্রকাশিত অন্য এক পরিকল্পনায় যুক্তরাজ্য সরকার বলেছে, ইংরেজি ভাষায় ভালো দখল না থাকলে কেউ নির্দিষ্ট কিছু সরকারি চাকরি করতে পারবেন না। হাসপাতালের কর্মী, শিক্ষক, পুলিশ কিংবা গ্রন্থাগারের মতো জনসম্পৃক্ত ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে।