অভিবাসী রক্ষায় পদক্ষেপ নিতে জাতিসংঘ ও ওআইসির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী সংকট নিয়ে গত রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁরা সাগরে ভাসমান অভিবাসীদের রক্ষায় জোর দিয়েছেন। আর অভিবাসীদের রক্ষায় মানবিক পদক্ষেপ নিতে বলেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের নিয়ে মহাসচিব বান কি-মুন ও ডেপুটি মহাসচিব জান এলিসানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলে অভিবাসীদের জীবন রক্ষা এবং সাগরে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নিউইয়র্কে জাতিসংঘের একজন মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়, মহাসচিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইউথ চ্যান-ওশার সঙ্গে কথা বলেছেন। আর ডেপুটি মহাসচিব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার বহুপক্ষীয়-বিষয়ক উপমন্ত্রী হাসান ক্লেইবের সঙ্গে।

>মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। আর ডেপুটি মহাসচিব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইন্দোনেশিয়ার বহুপক্ষীয়–বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে

বিবৃতিতে বলা হয়, ‘এ অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে তাঁরা (মহাসচিব ও ডেপুটি মহাসচিব) আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং অভিবাসীদের জীবন রক্ষার প্রয়োজনীয়তার ওপরে গুরুত্বারোপ করেন। পাশাপাশি যথাসময়ে অভিবাসীদের তিরে ভিড়তে দেওয়ার ওপরে জোর দেন। সাগরে উদ্ধার তৎপরতা চালানো এবং অভিবাসীদের জোরপূর্বক স্বদেশে ফেরত পাঠানোর (রিফাউলমেন্ট) ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা মেনে চলারও আহ্বান জানান তাঁরা।’
বিবৃতিতে জানানো হয়েছে, অভিবাসী পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসন্ন আঞ্চলিক বৈঠকে উদ্যোগ নিতে নেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলায় ওই বৈঠকসহ যেকোনো পদক্ষেপে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা আশা করছেন, ওই বৈঠক থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় ফল বেরিয়ে আসবে।’
আন্দামান সাগর ও মালাক্কা প্রণালি এলাকায় কমবেশি ছয় হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী কয়েকটি নৌযানে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন বলে মনে করা হয়।
ওআইসির আহ্বান: বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি বলেছে, আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে নৌযানগুলোতে ভাসমান অবস্থায় থাকা হাজারো রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তার ওপর নজর রাখছে তারা।
ওআইসির মহাসচিব ইয়াদ মাদানি এ অঞ্চলের দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অব্যাহত যোগাযোগ করছেন। তিনি এই মানবিক সংকট নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ ধরনের মানবিক সংকটের মূল কারণ খুঁজতে প্রচেষ্টা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন ইয়াদ মাদানি।
তিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কাল: অভিবাসী সংকট নিয়ে আলোচনা করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দো–নেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল বুধবার বৈঠকে বসছেন। মালয়েশিয়া গতকাল এ কথা জানিয়েছে।
সূত্র: জাতিসংঘ, এমিরেটস নিউজ এজেন্সি ও রয়টার্স।