
কাতারের কর্তৃপক্ষ অভিবাসী নির্মাণশ্রমিকদের সঙ্গে পশুসুলভ আচরণ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (এআই) এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
গতকাল রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করেছে কাতার। এরই প্রেক্ষাপটে নির্মাণ খাতে নিয়োজিত অভিবাসী শ্রমিকদের জীবনের কালো অধ্যায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এআই।
সংস্থাটি বলছে, অভিবাসী শ্রমিকদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না। জোর করে কাজ করানো হয়। জরিমানা ও বিতাড়নের হুমকি দেওয়া হয়। কাজের পরিবেশ অনিরাপদ। থাকা-খাওয়ার ব্যবস্থাও জঘন্য। ২০১২ সালে প্রায় এক হাজার শ্রমিক কর্মজনিত আঘাত নিয়ে দোহার প্রধান হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১০ শতাংশ কর্মক্ষমতা হারিয়েছেন। মৃত্যুর হারও উল্লেখযোগ্য।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, কাতারের নির্মাণপ্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক অভিবাসী শ্রমিকদের ‘পশু’ হিসেবে অভিহিত করেছেন।
সংস্থাটি ২১০ জন অভিবাসী শ্রমিক, চাকরিদাতা ও সরকারি কর্মকর্তাদের সাক্ষাত্কারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটির বিষয়ে কাতার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাতারে নির্মাণ খাতে কর্মরত নেপালের একদল শ্রমিকের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে গরু-ছাগলের মতো আচরণ করে। সপ্তাহের প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করতে হয়। এমনকি প্রচণ্ড গরমেও নিস্তার নেই।