অভিবাসীদের জন্য প্রিয় কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় অভিবাসন নিয়ন্ত্রণের জন্য চলছে নানা ফন্দি-ফিকির। পাশের দেশ কানাডা উদার হাতে এখনো অভিবাসীদের আহ্বান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা থেকেই কানাডায় অভিবাসন নেওয়ার খোঁজখবরের হিড়িক পড়ে ছিল। অনেক কারণেই কানাডা পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের এ দেশে অভিবাসী হিসেবে আসার জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
কানাডায় সরকারিভাবে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কানাডাবাসী বন্ধুভাবাপন্ন। কানাডাকে এখন মনে করা হয় অভিবাসীদের নতুন সম্ভাবনার দেশ। কানাডায় নাগরিকত্ব পেতে হলে কতগুলো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ দেশে কমপক্ষে ছয় বছর বাস করতে হয়। এই ছয় বছরে ভালো আচরণের প্রমাণ থাকতে হয়। কানাডা সম্পর্কে কিছু ধারণা থাকতে হয়।
কানাডায় নাগরিকত্বের আবেদন করার আগে এমন প্রস্তুতি থাকা ভালো যেন কানাডা-সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়। বহিরাগত অপ্রাপ্তবয়স্করা পিতা-মাতা কানাডার নাগরিক হলে স্বয়ংক্রিয়ভাবেই নাগরিকত্ব পেয়ে যান। তবে অবৈধ প্রাপ্তবয়স্ক হলে তাঁদের নানাবিধ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব পেতে হয়। দক্ষ কর্মীদের নাগরিক হওয়ার ক্ষেত্রে তাঁদের মেধা ও কাজের আলোকে নম্বর পদ্ধতির ব্যবস্থা রয়েছে। যাঁদের নম্বর গ্রহণযোগ্য স্তরে ওঠে, তাঁদের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রথমে কানাডায় গ্রহণ করা হয়।
স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য পছন্দমতো কানাডার কোনো প্রদেশের বরাবরে আবেদন করতে হয়। উদ্যোক্তা হিসেবে নাগরিক-প্রাপ্তির সুবিধা রয়েছে। এ জন্য উদ্যোক্তাদের প্রযোজ্য নিয়মাবলি অনুসরণ করতে হয়। কানাডায় কোনো আত্মীয় বসবাস করলে তাঁর সহযোগিতা নেওয়া যায়। স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলে কানাডায় অবস্থানের নিশ্চয়তা প্রদান করতে হয়। এ ক্ষেত্রে কানাডায় পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছর থাকতে হবে। দুই বছর না থাকলে স্থায়ী বাসিন্দার মর্যাদা থাকে না।
স্থায়ী বাসিন্দারা সব সময়ই কানাডার নাগরিক হতে পারেন না। নাগরিক হওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়। কানাডায় বসবাসকারী স্থায়ী বাসিন্দাকে নাগরিকত্বের আবেদন করার তারিখের আগে ছয় বছরের মধ্যে কানাডায় ১ হাজার ৪৬০ দিন থাকতে হবে। চার বছরের প্রতিবছরে ছয় মাস করে কানাডায় থাকতে হবে।
কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থানকালে নিয়মিত কর (ট্যাক্স) প্রদান করতে হবে। এ-সংক্রান্ত কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। ইংরেজি কিংবা ফরাসি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এ দুটো ভাষার মৌলিক ব্যাকরণ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দাবলি এবং অন্যদের সঙ্গে এ ভাষায় কথাবার্তা বলতে ও লিখতে সক্ষম হতে হবে। কানাডার ইতিহাস, সরকারপদ্ধতি, সমাজ-সংস্কৃতি ও মূল্যবোধ সামাজিক প্রতিষ্ঠানাদি, নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে কুইজ-জাতীয় প্রশ্নের উত্তর জানা থাকতে হবে।
কী কী কারণে কানাডার নাগরিকত্বের আবেদন বাতিল হতে পারে, সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। নাগরিকত্বের আবেদন করার চার বছরের মধ্যে কোনো ধরনের অপরাধ করলে অথবা কোনো অপরাধের জন্য বিচার চলতে থাকলে, কারাদণ্ড হলে স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্ব অর্জনে বাধা হিসেবে বিবেচনা করা হবে।
স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য চেষ্টার আগে কানাডার জলবায়ু সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা জরুরি। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়ায় এ দেশের সর্বত্র আবহাওয়া একধরনের নয়। তবে সাধারণত কানাডা শীতপ্রধান দেশ। কোন আবহাওয়ায় কোন অঞ্চলে বসবাস করতে চান তা ঠিক করে এগোনোর জন্য নতুন অভিবাসীদের পরামর্শ দেওয়া হয়ে থাকে।