অভিবাসীদের স্বাগত জানাতে বুশের আহ্বান
দীর্ঘদিনের নীরবতা ভেঙে অভিবাসীদের পক্ষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও অর্থনীতিতে অভিবাসীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই অভিবাসীদের যুক্তরাষ্ট্র সরকারের স্বাগত জানানো উচিত।টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে গত মঙ্গলবার অভিবাসন ও অর্থনীতিবিষয়ক একটি সিম্পোজিয়ামে দেওয়া উদ্বোধনী ভাষণে বুশ এসব কথা বলেন। ‘জর্জ ডব্লিউ বুশ ইনস্টিটিউট’ এবং ‘ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাস’ এই সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামে যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির অভিবাসন নীতির সংস্কারের আহ্বানও জানান বুশ।জর্জ বুশ বলেন, ‘আমেরিকা অভিবাসীদের জাতি। তারা (অভিবাসী) আমাদের বর্তমান অবস্থানে আসতে সাহায্য করেছে। তারা শুধু আমাদের অর্থনীতিই নির্মাণ করেনি, আমাদের হূদয়কেও সমৃদ্ধ করেছে।’বুশ বলেন, ‘বর্তমানে আমাদের মধ্যে অভিবাসীদের ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে আমাদের আরও উদার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘অভিবাসীরা নতুন ধারণা ও দক্ষতা নিয়ে আমাদের দেশে আসে। তারা আমাদের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ শূন্যস্থানগুলো পূরণ করছে। একই সঙ্গে উন্নত জীবনের আশায় তারা কঠোর পরিশ্রম করে।’ ফক্স নিউজ।