অভিমান ভেঙে দেশে ফিরলেন বিলাওয়াল
অবশেষে দেশে ফিরেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দলীয় বিষয়াদি নিয়ে বাবা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে তীব্র মতবিরোধের জেরে দুবাই যাওয়ার পর গত সোমবার রাতে দেশে ফেরেন বিলাওয়াল। দুবাইয়ে তিনি এক সপ্তাহ ছিলেন। এদিকে দেশটির গুরুত্বপূর্ণ মুহূর্তে পিপিপির ২৪ বছর বয়সী চেয়ারম্যান বিলাওয়ালের ওই দেশত্যাগে দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় আসিফ আলী জারদারি নিজে ছুটে যান দুবাই। সেখানে বিলাওয়ালের মান ভাঙিয়ে তিনি তাঁকে দেশে ফেরাতে রাজি করান বলে জানা যায়। পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে পিপিপির তারকা প্রচারাভিযানকারী বিলাওয়াল গত সপ্তাহে দেশ ত্যাগ করেন। দলটির কর্মকর্তারা জানান, আগামীকাল থেকে দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা।সম্প্রতি পিপিপির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিলাওয়ালের নাম ঘোষণা করা হয়। তবে এরই মধ্যে বিভিন্ন বিষয়ে বাবা আসিফ আলী জরাদারি ও ফুফু ফারিয়াল তালপুরের সঙ্গে বিলাওয়ালের মতবিরোধ বেড়ে যায়। জিনিউজ ও ডন।