
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ ৯/১১ এর ঘটনার মতোই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিউইয়র্কের এক আদালতের শুনানিতে আল-কায়েদার একজন সাবেক তথ্যদাতার বক্তব্যের ভিত্তিতে এ আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা।
এদিকে নয় দিন ধরে নিখোঁজ বিমানটির সন্ধানে চলা অভিযানে যোগ দিয়েছে আরও ১১টি দেশ। মালয়েশিয়ার কর্মকর্তারা গতকাল জানান, বর্তমান চিরুনি অভিযানে অংশ নিচ্ছে প্রায় ২৫টি দেশ।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ এক খবরে বলেছে, আল-কায়েদার সাবেক তথ্যদাতা সাজিদ বাদাত গত সপ্তাহে নিউইয়র্কের এক আদালতের শুনানিতে বলেন, চার থেকে পাঁচজন মালয়েশীয় একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন বলে তিনি জানেন।
পত্রিকাটির খবর অনুযায়ী, সাজিদ বাদাতের এ বক্তব্যের পর বিমানটির সাহায্যে নিউইয়র্কের টুইন টাওয়ার ঘটনার মতো আরেকটি সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগের ওপর তদন্ত করা হচ্ছে।
আল-কায়েদার এ তথ্যদাতা ব্রিটিশ নাগরিক। তিনি গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে ভিডিও লিংকের মাধ্যমে ওসামা বিন লাদেনের জামাতা সুলায়মান আবু গাইথের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদই মালয়েশিয়ার পরিকল্পনাটি করেন।
আদালতকে বাদাত বলেন, তাঁর সঙ্গে আফগানিস্তানের একটি প্রশিক্ষণকেন্দ্রে মালয়েশিয়ার চার-পাঁচজন লোকের সাক্ষাৎ হয়। তাঁদের একজন ছিলেন পাইলট। নির্দেশ পেয়ে তিনি তাঁদের একটি জুতা বোমা দেন। এর সাহায্যে বিমানের ককপিটের (চালকের বসার স্থান) দরজা বন্ধ থাকলেও তা খোলা সম্ভব। বাদাত বলেন, তাঁর মনে হয়েছিল ওই মালয়েশীয় ‘কিছু করার জন্য’ তৈরি হচ্ছিলেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অভিযুক্ত ওই ব্রিটিশ জঙ্গির দেওয়া এ তথ্য ‘বিশ্বাসযোগ্য’।
এ রকম হামলার ষড়যন্ত্রের সম্ভাবনা মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বক্তব্যে আরও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী রাজাক গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আরোহীদের মধ্য থেকেই কেউ বিমানটির যোগাযোগব্যবস্থা ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিলেন।
এদিকে মালয়েশিয়ার সহায়তার আহ্বানে সাড়া দিয়ে ব্যাপক পরিসরের তল্লাশি অভিযানে যোগ দিয়েছে নতুন ১১টি দেশ। এ নিয়ে গতকাল রোববার অংশগ্রহণকারী দেশের সংখ্যা রাতারাতি ১৪ থেকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মধ্য এশিয়া থেকে দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এলাকার স্থল ও জলভাগজুড়ে তন্ন তন্ন করে চালানো হচ্ছে অভিযান। বিমানটি যেসব দেশের আকাশ অতিক্রম করেছে সেসব দেশের কাছ থেকে রাডারের ধারণ করা তথ্যও সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
এ ব্যাপারে মালয়েশীয় কর্মকর্তারা বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছেন।
রাডারের ধারণকৃত তথ্য ছাড়াও কর্মকর্তারা স্যাটেলাইটের তথ্য-উপাত্ত ও এর বিশ্লেষণ, স্থলপথে অনুসন্ধান চালানোর সক্ষমতাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিতেও এসব দেশকে অনুরোধ করছেন।
পুলিশ বিমানটির পাইলট জাহরি আহমেদ শাহ ও তাঁর সহযোগী পাইলটের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য সংগ্রহের পাশাপাশি শনিবার তাঁদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। তবে পিটার চং নামে জাহরি আহমেদের একজন বন্ধু বিবিসিকে বলেন, বিমান নিখোঁজ হওয়ার পেছনে তাঁর হাত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন না। বিবিসি, এএফপি ও টেলিগ্রাফ।