অভিযানে সাধারণ আফগানদের মৃত্যুতে কারজাইয়ের উদ্বেগ
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ন্যাটোর তালেবানবিরোধী অভিযানে সাধারণ মানুষকে রক্ষার চেয়ে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ন্যাটোর উচিত সাধারণ মানুষকে রক্ষা করা, কিন্তু তা না হয়ে বিমান হামলায় সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটছে। এএফপি, এপি।গতকাল শনিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট কারজাই এ কথা বলেন। এ সময় তিনি আট বছরের এক মেয়ের ছবি দেখিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের শহর মারজাহতে ন্যাটোর অভিযানে এই শিশুটির পরিবারের ১২ জন সদস্য নিহত হয়েছে। এটা পুরো আফগানিস্তানের জন্য একটি শোকাবহ ঘটনা। একই ভাষণে তিনি তালেবান যোদ্ধাদের আল-কায়েদার সঙ্গ ছেড়ে সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান।এদিকে ন্যাটোর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাঁরা আকাশ থেকে বোমা হামলা কমাবেন। এ জন্য অবশ্য প্রেসিডেন্ট কারজাই জেনারেল ম্যাকক্রিস্টালকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি মন্তব্য করেছেন, ‘ন্যাটোর এ আশ্বাসই যথেষ্ট নয়। আমরা চাই এমন একটি অভিযান পরিচালিত হবে, যেখানে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে না।’ন্যাটো বলছে, সাধারণ মানুষ যাতে অভিযানে মারা না পড়ে, এ জন্য তারা স্থানীয় নেতাদের পরামর্শ নেবেন। তালেবানবিরোধী ন্যাটোর এই অভিযানে এ পর্যন্ত ১৬ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।গতকালও মারজাহ শহরের কাছে জঙ্গিদের সঙ্গে ন্যাটো বাহিনীর লড়াই হয়েছে। জঙ্গিরা গ্রেনেড ল্যান্সার দিয়ে হামলা চালিয়ে শহরটি দখলের চেষ্টা করে। তবে ন্যাটোর প্রতিরোধের কারণে তা হয়নি। এ ছাড়া মারজাহ শহরের উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চলে লড়াই তীব্রতর হচ্ছে। সেখানে জঙ্গিদের আনাগোনা বেড়েছে। মারজাহ শহরের বাইরে অনেক এলাকা ন্যাটো বাহিনী দখলে নিয়েছে। আফগান প্রশাসন সেখানে পুনর্গঠন ও সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। সাধারণ আফগান নাগরিকদের সেখানে নেওয়া হচ্ছে। গতকাল আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান যোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধ ভুলে যান। নিজের আবাসে ফিরে আসুন। দেশ গঠনে একাত্ম হোন।’ তিনি বলেন, এ আহ্বানে সফল হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর দীর্ঘদিনের আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ আহ্বানে সাড়া দিয়েছে। সৌদি আরব ইতিমধ্যে তালেবান নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করছে।