ইরাক যুদ্ধের সময় সাধারণ নাগরিকদের নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটনের দায়ে অভিযুক্ত হতে পারেন ব্রিটিশ সেনারা। ইরাক যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের অপরাধ তদন্তে গঠিত ‘ইরাক হিস্টোরিক এলিগেশান্স টিম’ (আইএইচএটি)-এর প্রধান মার্ক ওয়ারউইক এমন ইঙ্গিত দিয়েছেন।
ওয়ারউকের বরাত দিয়ে গত শনিবার বিবিসি, গার্ডিয়ান ও স্কাই নিউজসহ ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে, যার ভিত্তিতে সার্ভিস প্রসিকিউটিং অথরিটি (সামরিক ব্যক্তিদের বিচারিক কর্তৃপক্ষ) অভিযোগ আনতে পারে। এমন কিছু ‘গুরুতর অভিযোগ’ তদন্ত¯করা হয়েছে, যেগুলো হয়তো যুদ্ধাপরাধের মানদণ্ডে টিকে যেতে পারে।
২০০৩ সালে ইরাকে হামলার শুরু থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত ব্রিটিশ সৈন্যরা ইরাকে অবস্থান করে। এই সময়ে বিচারবহির্ভূত হত্যা ও বন্দী অবস্থায় নির্যাতন চালানোর ঘটনায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার হওয়া ইরাকের সাধারণ নাগরিকদের কাছ থেকে ওই অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালের নভেম্বরে তদন্ত কমিটি আইএইচএটি গঠন করে।
ওয়ারউইক বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে তাঁরা সম্ভাব্য ১ হাজার ৫১৫ জন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে ২৮০টি। এ ছাড়া এখনো কমিটির কাছে নতুন নতুন অভিযোগ আসছে জানিয়ে তিনি বলেন, একক বিষয়ে একাধিক অভিযোগ কিংবা ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে এমন অভিযোগ আসার ঘটনাও ঘটছে।
ওয়ারউইক জানান, চাঞ্চল্যকর বাহা মুসার হত্যাকাণ্ডের বিষয়টিও তাঁদের তদন্তে এসেছে। ২৬ বছর বয়সী এই হোটেলকর্মী ২০০৩ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সেনাদের অধীনে বন্দী অবস্থায় মারা যান। ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির চেয়ারম্যান স্যার উইলিয়াম গেইগ ২০১১ সালে তাঁর প্রতিবেদনে ইরাকে বন্দীদের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ কৌশল চর্চার ঘটনাকে যুক্তরাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রাতিষ্ঠানিক ব্যর্থতা’ বলে সমালোচনা করেন।
তবে ২০০৪ সাল থেকে ইরাক যুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে কয়েকটি তদন্ত কমিটি কাজ করলেও আজ পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ওয়ারউইকের নেতৃত্বে যে তদন্ত¯বর্তমানে চলছে, তাও শেষ হবে ইরাক যুদ্ধ শুরুর ১৬ বছর পর, অর্থাৎ ২০১৯ সালে।
তদন্তের এমন ধীর গতির কড়া সমালোচনা করেছেন মানবাধিকার-বিষয়ক দাতব্য সংস্থা ‘রেডরেস’-এর কার্লা ফার্স্টম্যান। যে উদ্দেশ্যে এই তদন্ত¯কমিটি গঠিত হয়েছে, তা দ্রুত এবং যথাযথভাবে করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।