অভিযুক্তদের একজন কিশোর: আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলার ছয়জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে একজন কিশোর ছিল। দিল্লির জুভেনাইল জাস্টিস বোর্ড গতকাল সোমবার এই রায় দিয়েছেন। বোর্ডের বিচারকেরা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা যাবে না।আদালতে উপস্থিত একজন আইনজীবী জানান, ওই অভিযুক্ত যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিল, সেই বিদ্যালয়ের কর্মকর্তারা আদালতে তার বিষয়ে বিভিন্ন নথিপত্র দাখিল করেন। সেগুলো যাচাই করে আদালত দেখতে পান, ঘটনার সময় সে প্রাপ্তবয়স্ক ছিল না। পরে আদালত এ রায় ঘোষণা করেন। গত ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক মেডিকেল ছাত্রী। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীর ওপর ওই বর্বরতা ৪৫ মিনিট স্থায়ী হয়। হামলাকারী ছিল মোট ছয়জন। সবাই তাঁকে ধর্ষণ করে। তারা ধর্ষণ ছাড়াও ওই ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে মারধর করে। পরে দুর্বৃত্তরা দুজনকে বাস থেকে ফেলে দেয়। বর্বর ওই হামলায় আহত ছাত্রীটি চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তারা সবাই পুলিশের কাছে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবার ডিএনএ পরীক্ষাতেও তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।বর্বর ওই ঘটনার পর নারীর সুরক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে রাস্তায় নামে জনতা। পরে সরকার এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে পাঁচটি দ্রুত বিচার আদালত গঠন করেছে। টাইমস অব ইন্ডিয়া।