লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালের সেবিকা জ্যাসিন্থা সালদানহার মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। লন্ডনের পুলিশ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার দুই বেতারকর্মী ছদ্মপরিচয়ে টেলিফোন করে সালদানহার কাছ থেকে কেট মিডলটনের অন্তঃসত্ত্বার খবর জেনে নেন। এর কয়েক দিন তাঁর (৪৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত প্রতিবেদন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) কাছে জমা দেওয়া হয়েছে। এখন সিপিএস খতিয়ে দেখবে, ওই টেলিফোনের মাধ্যমে বড় ধরনের অপরাধ করা হয়েছে কি না। অস্ট্রেলিয়ার ওই দুই বেতারকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন সরকারি কৌঁসুলিরা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত সেবিকা সালদানহা এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ২০১১ সালের ডিসেম্বরে ভারতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালদানহা। এর নয় দিন পর তিনি আবারও আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। পিটিআই।