অভিযোগ উত্থাপন ছাড়াই তদন্ত সিআইএর
যুক্তরাষ্ট্রে আটক জঙ্গিদের বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর জিজ্ঞাসাবাদ কর্মসূচিসংক্রান্ত বিচার বিভাগের এক তদন্ত কোনো রকম অভিযোগ উত্থাপন ছাড়াই শেষ হয়েছে।মার্কিন বিচার বিভাগের ওই তদন্তে আফগানিস্তান ও ইরাকে সিআইএর হেফাজতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হয়। নয়-এগারো পরবর্তী সময়ে ১০১ জন বন্দীর ব্যাপারে গৃহীত ব্যবস্থা নিয়ে ধারাবাহিক মূল্যায়নকাজও এই তদন্তের মধ্য দিয়ে শেষ হয়েছে।মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ওই জিজ্ঞাসাবাদ কর্মসূচির বিরুদ্ধে ‘সন্দেহাতীতভাবে অভিযোগ তোলার পক্ষে’ যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিশিষ্ট এক মানবাধিকার সংগঠন তদন্তের এই ফলকে ‘একটি কেলেঙ্কারি’ বলে আখ্যায়িত করেছে। তবে সিআইএর কর্মকর্তারা একে স্বাগত জানিয়েছেন।সিআইএর হেফাজতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগ গত বছরের জুনে ওই তদন্তকাজ শুরু করে। বিচার বিভাগ এই ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করলেও তাঁদের একজনের নাম গুল রহমান ও অপরজন মানাদেল আল-জামাদি বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।২০০২ সালের নভেম্বরে আফগানিস্তানে সল্ট পিট নামে পরিচিত সিআইএ পরিচালিত একটি কারাগারে গুল রহমান মারা যান। আর মানাদেল আল-জামাদি মারা যান ২০০৩ সালে ইরাকের আবু গারাইব কারাগারে। বিবিসি।