অভিযোগ করেও ব্যবস্থা নেননি ভি কে সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ দেওয়ার প্রস্তাব নিয়ে সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের করা অভিযোগ শুনে তাঁকে ব্যবস্থা নিতে বলেছিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। কিন্তু অজ্ঞাত কারণে তিনি কোনো ব্যবস্থা নেননি।গতকাল মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বতঃপ্রণোদিত হয়ে বিবৃতি দেওয়ার সময় এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি। এ সময় তিনি ওই অভিযোগের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রতিরক্ষামন্ত্রী বলেন, ঘুষ দেওয়ার প্রস্তাবের বিষয়ে ভি কে সিং তাঁর কাছে অভিযোগ করেন বটে, তবে এ নিয়ে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অ্যান্টনি বলেন, এ ব্যাপারে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) নির্দেশ দিয়েছেন। অ্যান্টনি বলেন, ‘আমার যত দূর মনে পড়ে, এটি এক বছরের বেশি সময় আগের ঘটনা। সঠিক দিনক্ষণ তাঁরাই (সেনা কর্মকর্তারা) জানেন। কারণ, সময় নির্ধারণ ছাড়া সেনাপ্রধানের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারেন না।’ওই ঘটনার স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, সেনাপ্রধান তাঁকে বলেছিলেন, অবসরপ্রাপ্ত জেনারেল তেজেন্দার সিং তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ১৪ কোটি রুপি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন। তিনি বলেন, ‘এ কথা শুনে আমি মর্মাহত হয়েছিলাম। ধাতস্থ হতে দু-এক মিনিট লেগেছিল। এরপর তাঁকে আমি এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু এ ব্যাপারে তিনি কিছু করতে চান না বলে জানিয়েছিলেন। জানি না, কী কারণে তিনি বিষয়টি নিয়ে আর এগোতে চাননি।’অ্যান্টনি নিশ্চিত করেন, এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘দোষী ব্যক্তি ক্ষমতাধর হতে পারেন, তাঁর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।’ টাইমস অব ইন্ডিয়া।