অভিযোগ তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের বহনকারীদের একটি নৌকা ইন্দোনেশিয়ার দিকে ফিরে যাওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ তদন্তে অস্ট্রেলিয়া সরকারের ওপর চাপ বাড়ছে। জনগণের করের অর্থ ব্যয়ের বিষয়ে তদন্তের দাবি করেছেন বিরোধীরা। খবর বিবিসির।
বিরোধীদের অভিযোগ, সরকার জনগণের অর্থের অপব্যবহার করছে। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার এক খবরে বলা হয়েছে, বিরোধী লেবার নেতা বিল শর্টেন অডিটর জেনারেলের কাছে তদন্তের লিখিত আবেদন করেছেন। মামলাটি গ্রহণ করা হলে অডিটর জেনারেল শুধু জনগণের অর্থ ব্যয় অবৈধভাবে হচ্ছে কি না, তা তদন্ত করবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি নৌকার চালকদের দিক পরিবর্তন করে ইন্দোনেশিয়ায় ফিরে যাওয়ার জন্য তারা কয়েক হাজার ডলার ঘুষ দিয়েছিল।
নৌপথে অস্ট্রেলিয়ায় অভিবাসনের চেষ্টা করে ব্যর্থ কয়েকজন সে দেশের পুলিশের কাছে অভিযোগ করেন, ফিরে যেতে রাজি করতে নৌযানটির ক্যাপ্টেন ও পাঁচজন কর্মীকে অস্ট্রেলিয়ার একজন অভিবাসন কর্মকর্তা পাঁচ হাজার ডলার করে দেন। ওই নৌযানে মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অভিবাসনপ্রার্থীরা ছিলেন।
ঘুষ দেওয়ার এই অভিযোগের প্রেক্ষাপটে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযোগ উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি স্বীকার করেছেন, এসব নৌকা যাতে তাঁর দেশে পৌঁছাতে না পারে, সে জন্য অভিনব কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত শনিবার ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, অস্ট্রেলিয়া যদি আশ্রয়প্রার্থীভর্তি ওই নৌকা সত্যি সত্যি ঘুষ দিয়ে ইন্দোনেশিয়ার দিকে ফিরিয়ে থাকে, তাহলে একে হীন কাজ হিসেবে গণ্য করা উচিত।