রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সাবেক চীনা পুলিশপ্রধান ওয়াং লিজুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো আপত্তি তোলেননি। গতকাল মঙ্গলবার আদালত এক বিবৃতিতে এ কথা জানান।কর্মকর্তারা জানান, আদালতে ওয়াংয়ের বিরুদ্ধে স্বপক্ষ ত্যাগ, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। গত সোমবার চেংদুর একটি আদালতে তাঁর বিচার শুরু হয়। গতকাল মঙ্গলবারও বিচার কার্যক্রম চলে। এরপর ওয়াংয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। গত ফেব্রুয়ারিতে ওয়াং পালিয়ে চেংদুতে মার্কিন কনস্যুলেটে আশ্রয় নেন। ওই ঘটনায় কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় রাজনীতিক বো শিলাই পদচ্যুত হন।পরে বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের বিরুদ্ধে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। আর ওয়াংয়ের বিরুদ্ধে কাইলাইয়ের অপরাধ গোপন করার অভিযোগ আনা হয়। চীন বলেছে, মঙ্গলবার চেংদুর ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে ওয়াংয়ের বিচার কার্যক্রম ‘উন্মুক্ত’ ছিল। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে বিচারের দৃশ্য সম্প্রচার করা হতে পারে। আগের দিন সোমবারের বিচার কার্যক্রম রুদ্ধদ্বার ছিল। কাইলাই যে ব্রিটিশ ব্যবসায়ী হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়ে ওয়াং জানতেন। তবে ব্যক্তিগত লাভের জন্য তিনি সচেতনভাবে তা এড়িয়ে গেছেন। এএফপি ও বিবিসি।