অভিযোগ স্বীকার করেছেন শাহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ গাড়িবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ সব অভিযোগ স্বীকার করেছেন। তিনি বলেছেন, গাড়িবোমা হামলা চালিয়ে মার্কিন নাগরিকদের হত্যা করাই ছিল তাঁর উদ্দেশ্য। গত সোমবার ম্যানহাটনের জেলা জজ আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে শাহজাদ বলেন, ‘আমি আমার অপরাধ স্বীকার করছি। যুক্তরাষ্ট্র যত দিন মুসলমানদের ভূখণ্ডে হামলা চালাবে, আমরাও তত দিন আমেরিকায় হামলা চালাব। টাইমস স্কয়ারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালানোই ছিল আমার উদ্দেশ্য। আমি শতবার আমার অপরাধ স্বীকার করছি।’ আগ্নেয়াস্ত্র বহন, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ আনা ১০টি অভিযোগের সবই অবলীলায় স্বীকার করেছেন শাহজাদ। বিচারক মিরিয়াম গোল্ডম্যান সিডারবাম স্বেচ্ছায় অভিযোগ স্বীকারের পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়ার পরও ফয়সাল তাঁর স্বীকারোক্তিতে অনড় থাকেন। তিনি বলেন, ‘ইরাক, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র যত দিন না সরে আসছে, যত দিন না মুসলিম দেশগুলোয় মার্কিন আধিপত্যের অবসান হচ্ছে, তত দিন আমাদের হামলা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘সবার বুঝতে হবে, কোথা থেকে আমি এসেছি। আমি নিজেকে একজন মুসলিম সৈনিক হিসেবে মনে করি।’পাকিস্তানভিত্তিক তালেবান জঙ্গিদের সহযোগিতায় এ বোমা হামলা চালানোর উদ্যোগ নেন বলে শাহজাদ জানান। তিনি বলেন, বোমা তৈরির প্রশিক্ষণের জন্য ২০০৯ সালে তিনি ৪০ দিন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় গিয়ে থাকেন। পরিকল্পনা বাস্তবায়নে অর্থ জোগানের জন্য তিনি পাকিস্তানের এক সহযোগীর কাছ থেকে পাঁচ হাজার মার্কিন ডলার সাহায্য পান। দ্বিতীয় দফায় গত এপ্রিলে পাকিস্তানের ওই নাগরিকের কাছ থেকে তিনি আরও সাত হাজার ডলার পান। এ অর্থ দিয়ে তিনি একটি অস্ত্র এবং গাড়িবোমা তৈরির সরঞ্জাম কেনেন বলে জানান। শাহজাদ আদালতকে জানান, টাইমস স্কয়ারে বোমা বিস্ফোরণের জন্য তিনি একাই প্রস্তুতি নেন। এ কাজে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন। তিনি বলেন, এ হামলার জন্য তিনি গাড়িতে তিনটি পৃথক বোমা স্থাপন করেন। শনিবার রাতে হামলার পরিকল্পনার ব্যাপারে তিনি জানান, এ রাতে টাইমস স্কয়ার জনাকীর্ণ থাকে। এ সময় বোমা হামলা চালালে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টির আশঙ্কা রয়েছে। শাহজাদ আরও বলেন, ‘বোমা বহনকারী গাড়িটি তিনি কানেটিকাট থেকে টাইমস স্কয়ারে নিয়ে যান। সেখানে গাড়িটি পার্ক করে বোমাগুলো সক্রিয় করে তিনি চলে যান। এরপর বোমা বিস্ফোরণের শব্দ শোনার জন্য তিনি আড়াই থেকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন পর্যন্ত যাওয়ার পরও বিস্ফোরণের কোনো শব্দ না শোনায় হতাশ হন তিনি এবং ট্রেনে করে আবার কানেটিকাট চলে যান।’উল্লেখ্য, একজন হকার ফয়সালের পার্কিং করা গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখে বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর ফলে ব্যাপক ধ্বংসলীলা থেকে রক্ষা পায় নিউইয়র্কবাসী। এ ঘটনার দুই দিন পর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার পথে ফয়সাল গ্রেপ্তার হন। গত দুই সপ্তাহ তিনি তদন্তকারী দলের হেফাজতে ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র থেকে আরও তিনজন এবং পাকিস্তান থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোমা বিস্ফোরণের পরিকল্পনার আগে নিরীহ শিশুদের কথা তিনি বিবেচনা করেছিলেন কি না, আদালতের এ প্রশ্নে শাহজাদ বলেন, সাধারণ জনগণই যুক্তরাষ্ট্র সরকারকে নির্বাচিত করে। আফগানিস্তান ও ইরাকে সাধারণ মানুষ ও শিশুরাই যুক্তরাষ্ট্রের হামলার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্র শুধু নিজেদের কথাই ভাবে, অন্য দেশের মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনানুযায়ী, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী হামলার চেষ্টার দায়ে ফয়সালের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে।