পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের অভিযোগপত্রে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের নাম এসেছে। গতকাল সোমবার দেশটির সন্ত্রাসবাদবিরোধী আদালতে অন্তর্বর্তীকালীন ওই অভিযোগপত্র পেশ করা হয়েছে।পাকিস্তানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে বলাা হয়, বেনজির ভুট্টো হত্যা মামলায় সোমবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতে অন্তর্বর্তীকালীন অভিযোগপত্র জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে পারভেজ মোশাররফের নাম রয়েছে।তবে অভিযোগপত্রের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে বেনজির হত্যাকাণ্ড-সংক্রান্ত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বেনজিরের নিরাপত্তার জন্য কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তৎকালীন প্রেসিডেন্ট মোশাররফ। বেনজির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তেহরিক-ই-তালেবানের পাঁচ জঙ্গিকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। ২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য শেষে নিজের গাড়িতে ওঠার সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির। প্রসঙ্গত, ২০০৮ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ। ২০০৯ সালের শুরু থেকে স্বেচ্ছা-নির্বাসনে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।মোশাররফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ: লন্ডনে পারভেজ মোশাররফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি। তবে জুতা তাঁর গায়ে লাগেনি। গত রোববার পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের এক সমাবেশে মোশাররফ বক্তৃতা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। মোশাররফের প্রতিষ্ঠিত অল পাকিস্তান মুসলিম লিগ ওই সামাবেশের আয়োজন করে। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।জিয়ো নিউজ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের উত্তর-পূর্বাঞ্চলের ওয়ালথামস্টো এলাকায় আয়োজিত ওই সমাবেশে যোগ দেন মোশাররফ। তিনি বক্তৃতা দেওয়া শুরু করলে এক ব্যক্তি প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে মোশাররফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন তিনি। তবে ওই জুতা মঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন।জিয়ো নিউজের প্রতিবেদনে দেখা যায়, সমাবেশে যোগ দেওয়া জনতার একেবারে পেছনের দিকে অবস্থান নিয়ে অন্য দুই ব্যক্তি ওই সমাবেশের প্রতিবাদ করছেন। পিটিআই অনলাইন।