অভিশংসন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, প্যারাগুয়ের নতুন সরকার বিপাকে
প্যারাগুয়ের আইনসভা ‘কংগ্রেস’ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দো লুগোকে অভিশংসিত করায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা এই সিদ্ধান্তের প্রতিবাদে প্যারাগুয়ে থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। ব্রাজিল লুগোকে অভিশংসিত করার নিন্দা জানিয়েছে। এদিকে প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট ফেডেরিকো ফ্রাঙ্কো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা প্রশমনে সদ্য অপসারিত প্রেসিডেন্ট ফার্নান্দো লুগোর সঙ্গে আলোচনা করবেন বলে গত শনিবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি লুগোর অধীনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তবে দায়িত্ব পালনের সময় দুজনের সম্পর্ক ভালো ছিল না। এমনকি বর্তমান প্রেসিডেন্টের দল লিবারেল পার্টি গত সপ্তাহে লুগোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে কংগ্রেসের পক্ষে বামপন্থী প্রেসিডেন্ট লুগোকে অভিশংসিত করা অনেকটাই সহজ হয়ে যায়। প্যারাগুয়ের কংগ্রেসের উভয় কক্ষে ডানপন্থীরা সংখ্যাগরিষ্ঠ।অভিশংসিত হওয়ার পর শনিবার রাতে নিজ বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের উদ্দেশে লুগো বলেন, কংগ্রেস সদস্যদের অভ্যুত্থানের কারণে তাঁকে পদ ছাড়তে হয়েছে। এ কারণেই প্যারাগুয়ে বিচ্ছিন্নতার মুখে পড়েছে। এদিকে প্যারাগুয়েতে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের শীর্ষস্থানীয় কূটনীতিককে শনিবার দেশে ডেকে পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্রাজিলের করণীয় ঠিক করতে আলোচনার জন্যই রাষ্ট্রদূত দেশে ফিরে যান। লুগোকে অপসারণের নিন্দাও জানিয়েছে দেশটি।অপরদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ লুগোকে অপসারণের ঘটনাকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে প্যারাগুয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দক্ষিণ আমেরিকার বাণিজ্য ও রাজনৈতিক জোট মারকোসারের প্রতি আহ্বান জানিয়েছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে এই জোটের সদস্য।এদিকে লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোও প্রেসিডেন্ট লুগোকে অভিশংসিত করার প্রতিবাদ জানিয়েছে। ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, কিউবা, নাইজেরিয়া কংগ্রেসের অভিশংসন প্রক্রিয়ার সমালোচনা করেছে। এসব দেশের সরকার জানিয়েছে, তারা প্যারাগুয়ের নতুন সরকারকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে প্যারাগুয়ের বিরুদ্ধে অবরোধ আরোপের চেষ্টা চালানোর হুমকি দিয়েছে ওই দেশগুলো।এ ছাড়া তড়িঘড়ি করে প্রেসিডেন্ট লুগোকে অভিশংসিত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে পেরু ও মেক্সিকো। রয়টার্স।