অভ্যন্তরীণ পরীক্ষায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে একটি নতুন যুগের সূচনার ব্যাপারে তিনি আশাবাদী। দৃশ্যত, সেই প্রত্যাশার তুলনায় অনেক বেশি কিছু অর্জন করেই গত শনিবার তেহরানে ফিরেছেন তিনি।
রুহানি এবং তাঁর উপদেষ্টা ও দূতদের এখন আরও কঠিন দায়িত্ব পালন করতে হবে। কারণ, তাঁদের দেশ অনেকটা আকস্মিকভাবেই যুক্তরাষ্ট্রের অংশীদারে পরিণত হয়েছে। ফলে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার অবসানের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ঐতিহাসিক পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় রুহানি ও তাঁর সহযোগীদের জন্য নিজ দেশেই পরীক্ষার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গত কয়েক দিনের চমকপ্রদ কূটনৈতিক সূচনার পর রুহানি ও তাঁর সহযোগীদের এখন সঠিক পথে এগিয়ে যেতে হলে রাজনৈতিক সহযোগিতা নিতে হবে।
ইরানের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা এখনো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির হাতে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি রুহানির ‘সাহসী নমনীয়তার’ প্রতি সমর্থন দিয়েছেন। আবার, রেভল্যুশনারি গার্ডকে সম্প্রতি রাজনীতি থেকে দূরে থাকার মতো বিরল নির্দেশও দিয়েছেন খামেনি। তাই সর্বোচ্চ নীতিনির্ধারকের সমর্থন নিয়ে রুহানি এবার পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার ইতি টানতে সক্ষম হবেন বলেই মনে হচ্ছে। তবে খামেনি দেশে বিভক্তি তৈরির সুযোগ দেবেন, এমনটা ভাবার কারণ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ব্যাপারে রেভল্যুশনারি গার্ড ও কট্টরপন্থীদের আপত্তি নিশ্চয়ই তিনি ভুলে যাবেন না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক বিরোধ চলছে তিন দশকেরও বেশি সময় ধরে। নতুন করে সম্পর্ক গড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রও নানা দিক খতিয়ে দেখবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার অপ্রত্যাশিতভাবে রুহানির সঙ্গে টেলিফোনে ১৫ মিনিট আলাপ করেছেন। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি আলাপের ঘটনা এটিই প্রথম। দুই দেশের সম্পর্কে এই চমকপ্রদ পরিবর্তনে ইরানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তেহরানের বিমানবন্দরে ফেরার পর রুহানির সমর্থকেরা তাঁকে ‘শান্তির উদ্যোক্তা’ লেখা প্ল্যাকার্ড দেখিয়ে স্বাগত জানালেও বিরোধীরা তাঁর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান দেয় এবং ‘আমেরিকা নিপাত যাক’ ধ্বনি দেয়।