অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করেছে চীন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামা ও দালাই লামার বৈঠকের পর চীন গতকাল শনিবার এই অভিযোগ করে। ওই ঘটনায় চীন বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে।
চীন বলেছে, উভয় দেশের সম্পর্ক যাতে আরও খারাপ না হয়, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র দালাই লামাকে সফরের অনুমতি দিয়ে ও মার্কিন নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করেছে।
বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘চীনের উদ্বেগ গুরুত্বসহকারে নেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করারও আহ্বান জানাচ্ছি।’
দালাই লামার সঙ্গে ওবামার বৈঠক হবে—এ খবর সংবাদমাধ্যমে প্রচারের পর চীন তা বাতিলের দাবি জানায়। এএফপি, পিটিআই।