সিরিয়ার সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সিরিয়ার হামা শহরে মার্কিন রাষ্ট্রদূতের সফরের পরিপ্রেক্ষিতে সিরিয়ার কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ অভিযোগ করে। এ দিকে সে দেশের ফেসবুক গ্রুপ বলেছে, সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের হামা শহরে যাওয়ার ঘটনা প্রমাণ করে, যুক্তরাষ্ট্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সরকারবিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে। গত বৃহস্পতিবার হামা শহরের সফরের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করতেই হামায় যাচ্ছেন ফোর্ড। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সেনাদের গুলিতে হামার দুই বাসিন্দা নিহত হন। গত মঙ্গলবার থেকে সেনাসদস্যরা অন্তত ২৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছেন।দেশটির ফেসবুক গ্রুপ বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়, যখন জনগণের রক্ত ঝরছে। শহীদদের উষ্ণ রক্ত ডাকছে। তাই খুনিদের সঙ্গে কোনো আলোচনা নয়। জনগণ এ সরকারের পতন চায়।বেশ কিছুদিন ধরে জুমার নামাজের পর সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। গতকাল হামা শহরে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেয় বিরোধীরা। হামলার ভয়ে গতকাল সহস্রাধিক বাসিন্দা হামাস শহর ছেড়ে অন্যত্র চলে যায়। এএফপি ও বিবিসি।