অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার
রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বলে গতকাল শনিবার মস্কো অভিযোগ করেছে। রাশিয়ায় বেসরকারি সংগঠনগুলোর ওপর সে দেশের কর্তৃপক্ষের নজরদারিকে ‘ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করা’ হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আখ্যায়িত করার পর দেশটি এই অভিযোগ করল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ গত সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ডের দেওয়া বক্তব্য উদ্ধৃত করে এক বিবৃতিতে বলেন, রাশিয়ায় নাজুক অবস্থায় পড়া কিছু বেসরকারি সংগঠনকে ওয়াশিংটন আর্থিক সহায়তা দিয়ে যাবে। তিনি আরও বলেন, এ ছাড়া বেসরকারি সংগঠনের ওপর স্বাভাবিক নজরদারিকে ভিক্টোরিয়া নুল্যান্ড যেভাবে ‘ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করার’ সঙ্গে তুলনা করেছেন, তা হতাশাব্যঞ্জক ও উসকানিমূলক মন্তব্য ছাড়া আর কিছু হতে পারে না।সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের ওপর রুশ সরকারি কৌঁসুলিরা দফায় দফায় নজরদারি শুরু করেছেন। এএফপি।