অভ্যন্তরীণ সংকট থাকা সত্ত্বেও ইইউর নেতৃত্বে বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের বিদায়ী প্রধানমন্ত্রী ইউ লেতেরমে বৃহস্পতিবার ছয় মাস মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছেন। সাধারণ নির্বাচনের পর সে দেশে এখনো জাতীয় সরকার গঠিত হয়নি। অভ্যন্তরীণ এ সমস্যা থাকা সত্ত্বেও ইউরোপীয় এই গোষ্ঠীকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে সহায়তায় দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে স্পেন মেয়াদ শেষে ইইউর নেতৃত্বভার হস্তান্তর করে।বেলজিয়ামে সরকার গঠনের ব্যাপারে এখন দেশের উত্তরাঞ্চলে ওলন্দাজভাষী-অধ্যুষিত এলাকা বলে পরিচিত ফ্ল্যান্ডার্স ও তুলনামূলকভাবে দরিদ্র এলাকা দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। কিন্তু যে দেশে জাতীয়ভাবে কোনো রাজনৈতিক দল পরিচালিত হয় না, এমন দেশে এ ধরনের আলোচনায় সমাধানে পৌঁছা বেশ কঠিন। এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিচ্ছিন্নতাবাদী ফ্লেমিশরা সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করায়। কিছু পর্যবেক্ষক আশা করছেন, অক্টোবরের দিকে বেলজিয়ামে নতুন একটি জোট সরকার গঠিত হতে পারে। তত দিনে ইইউতে বেলজিয়ামের নেতৃত্বের মেয়াদ অর্ধেক সময় পার করবে। তখন বেলজিয়ামের নতুন দলটি ইইউর নেতৃত্ব সামলাতে খুব কম সময় পাবে। বেলজিয়ামের কর্তৃপক্ষ অবশ্য বলছে, ইইউকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তাদের ভালো প্রস্তুতি রয়েছে। এএফপি।