গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্তের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার সরকারি বেতারে ইসরায়েলের দপ্তরবিহীন মন্ত্রী বেনি বেগিন এ কথা জানান। ওই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি উপেক্ষা করে এই উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।গত ৩১ মে ত্রাণবাহী ওই নৌবহরে ইসরায়েলি কমান্ডোদের হামলায় কমপক্ষে নয়জন তুর্কি সাহায্যকর্মী নিহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষ নৌবহরের জাহাজ ও সাহায্যকর্মীদের আটক করে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে এবং একটি আন্তর্জাতিক তদন্ত করার জন্য ইসরায়েল সরকারের প্রতি দাবি জানানো হয়।গতকাল ইসরায়েলি মন্ত্রী বেনি বেগিন বলেন, গাজার ওপর চলমান নৌ-অবরোধ এবং ৩১ মে ত্রাণবাহী নৌবহরে হামলা বৈধ কি না—শুধু এই বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অবশ্য ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে। সংবাদ মাধ্যমগুলোয় বলা হয়, এ ক্ষেত্রে এমন একটি তদন্ত কমিটি গঠন করা হবে যেখানে কোনো তদন্তকারী থাকবেন না।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিজস্ব ওই তদন্তের জন্য সম্ভাব্য তদন্ত দলে ইসরায়েলের জুরি, সাবেক কূটনীতিক ও দুজন বিদেশি পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ইসরায়েল এই তদন্ত দল গঠনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। এএফপি।