
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ড নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করেননি। এমনকি এ বিষয়ে তাঁকে যাতে কথা বলতে না হয়, সে জন্য তিনি সোভিয়েত পলিটব্যুরোর বিকল্প সদস্য সোলোমেন্তসেভের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যান। এই সোভিয়েত নেতা অভ্যুত্থানের অব্যবহিত পরই উত্তর ভিয়েতনাম থেকে মস্কো ফেরার পথে নয়াদিল্লিতে যাত্রাবিরতি করেছিলেন।
সাংবাদিক মিজানুর রহমান খানের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইয়ে ১৯৭৫ সালের ৩ অক্টোবরে প্রস্তুত করা সিআইএর একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য ছাপা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইন্দিরা ভারতে তাঁর সরকারকে অস্থিতিশীল করা এবং নিজের প্রাণ-নাশের জন্য সিআইএকে সন্দেহ করতেন। মুজিব হত্যাকাণ্ডের পরে তাঁর নিজের জীবনেও অনুরূপ অবস্থা কল্পনা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিলেন। ১৫ আগস্ট এক জনসভায় তিনি ভাষণ দিতে গিয়ে সেখানে আসল কথাই বলতে ভুলে গিয়েছিলেন।
একাত্তরে হেনরি কিসিঞ্জারের পক্ষে কলকাতায় মোশতাক-জহিরুল কাইউম গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী মার্কিন কর্মকর্তা জর্জ বি গ্রিফিনকে ‘সিআইএর কিলিং এজেন্ট’ হিসেবে সন্দেহ করা হতো। গ্রিফিন বলেছেন, ‘ইন্দিরার সুইজারল্যান্ড সফরের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কর্মকর্তারা কিছু তার ছেঁড়া দেখে আমাকেই এ জন্য দায়ী করেন। ভারতে জরুরি অবস্থা জারির অন্যতম কারণ হিসেবেও আমাকেই দায়ী করা হয়েছিল। ১৫ আগস্টের পর ইন্দিরা রাতে শয়নকক্ষের দরজা অল্প ফাঁকা রেখেও ঘুমাতেন।’ ওই সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম স্যাক্সবি অভ্যুত্থানের পরপরই ইন্দিরাকে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রাসাদপম অট্টালিকা রুজভেল্ট হাউসে নৈশভোজে আমন্ত্রণ জানান। এ ধরনের আমন্ত্রণে ইন্দিরা দীর্ঘদিন সাড়া দেননি। বিস্মিত রাষ্ট্রদূত লিখেছেন, ইন্দিরা এবার তাঁর আমন্ত্রণ রক্ষা করেছেন।
ওই বইয়ে উল্লেখ করা হয়েছে, সোভিয়েতরা ঢাকার কমিউনিস্ট নেতাদের বলেছিলেন, সিআইএ আগস্ট অভ্যুত্থানের সঙ্গে জড়িত নয়। অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট নেতারা এবং সে দেশের বামপন্থী পত্রপত্রিকা মুজিব হত্যাকাণ্ডে সিআইএর সম্পৃক্ততার বিষয়টিকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল।
যুক্তরাষ্ট্র সন্দেহ করেছে যে জরুরি অবস্থায় সেন্সরশিপ বহাল থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর সরকারের নীরব সম্মতিতেই ওই প্রচারণা চলেছে। যুক্তরাষ্ট্র সরকারিভাবে ভারতের কাছে দিল্লি ও ওয়াশিংটনে প্রতিবাদ জানিয়েছে। ইসরাইল সফরে থাকা মার্কিন সিনেটর টমাস ইগলটন ২১ আগস্ট দিল্লি এসে ইন্দিরার সঙ্গে বৈঠক করেন। ইগলটনের প্রশ্নের জবাবে ইন্দিরা বলেছিলেন, মুজিব হত্যায় সিআইএর সম্পৃক্ততার খবর তাঁদের কাছে নেই। পত্রিকাগুলো চাঞ্চল্যকর খবর ছাপে। ওয়াশিংটনে ভারতীয় কূটনীতিকেরা ভারতীয় কমিউনিস্ট নেতাদের ওই অভিযোগের বিষয় মস্কোর কানে তোলারও পরামর্শ দিয়েছিলেন।
১৯৭৫ সালের ৩ অক্টোবর‘স্টাফ নোটস’: ‘সোভিয়েত ইউনিয়ন, ইস্টার্ন ইউরোপ’ শীর্ষক প্রতিবেদনে সিআইএ বলেছে, প্রধানমন্ত্রী গান্ধীর অভ্যন্তরীণ নীতির প্রতি সমর্থন জানিয়ে সোভিয়েতরা যে প্রচারণা শুরু করেছিল, তা কিছুটা কমেছে। মনে হচ্ছে, মস্কো এটা বিবেচনায় নিয়েছে যে গান্ধীর পদক্ষেপগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার আশঙ্কা কম। সোভিয়েত সমর্থনের ব্যাপারে গান্ধী যদিও সন্দেহাতীতভাবে আস্থাশীল। তবু তিনি তাঁর সোভিয়েত ঘনিষ্ঠতার বিষয়টি জনসমক্ষে কম করে প্রদর্শনের ব্যাপারে মনোযোগী হয়েছেন। সম্প্রতি তিনি সোভিয়েত পলিটব্যুরোর বিকল্প সদস্য সোলোমেন্তসেভের সঙ্গে সাক্ষাতের একটি সুযোগ এড়িয়ে গেছেন। আপাতদৃষ্টিতে প্রতীয়মান হয় যে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানের ঘটনা নিয়ে গান্ধী সোভিয়েতদের সঙ্গে আলোচনা করেননি।
মস্কো ও নয়াদিল্লি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। (উদাহরণস্বরূপ মস্কো সম্প্রতি বাংলাদেশকে অস্ত্র সহায়তা প্রদান-সংক্রান্ত আলোচনা শুরু করেছে।) কিন্তু দুটি দেশই এটা ভেবে উদ্বিগ্ন যে নতুন সরকার সোভিয়েত ও ভারতবিরোধী হিসেবে আবির্ভূত হবে। (এরপরের একটি বা দুটি প্যারা প্রকাশ করা হয়নি)
ভারতীয় হস্তক্ষেপ: ১৯৭৫ সালের ৬ অক্টোবর ইউনাইটেড স্টেটস ইন্টেলিজেন্স বোর্ডের (ইউএসআইবি) একটি গোপন প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি স্পষ্টত বাংলাদেশের নতুন সরকারের ওপর অসন্তুষ্ট এবং রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদের ভারতের প্রতি হিমশীতল মনোভাবের কারণে উদ্বিগ্ন। প্রয়াত রাষ্ট্রপতি মুজিবুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একধরনের ‘প্যাট্রন-ক্লায়েন্ট’ সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। এর ভিত্তি ছিল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের প্রভাবশালী ভূমিকা। মোশতাক সরকার ভারতীয় উদ্বেগের বিষয়ে সচেতন রয়েছে। এবং ১৯৭২ সালে সম্পাদিত বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি যে এখনো বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি, সে কথা নির্দিষ্টভাবে উল্লেখ করে তার বৃহৎ প্রতিবেশীকে আশ্বস্ত করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া সরকারের মধ্যে যাঁরা আছেন, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-নির্বিশেষে, তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভারতের সঙ্গে মতভিন্নতা শান্তিপূর্ণভাবে সুরাহা করতে হবে। তাঁদের এমন সিদ্ধান্তে পৌঁছার একটা বড় কারণ হলো, তাঁরা শঙ্কিত যে বাংলাদেশে গোলযোগ হলে সেই অজুহাতে ভারত হস্তক্ষেপ করে বসতে পারে।
বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপের নানাবিধ বাধা রয়েছে। ভারতীয় নেতারা সজাগ রয়েছেন যে সে ধরনের হস্তক্ষেপ করা হলে তাঁদের বাংলাদেশের অন্য অনেক সমস্যা মোকাবিলা করতে হবে। আর তার ফলে ইতিমধ্যে অর্থনৈতিকভাবে নাজুক হয়ে পড়া ভারতের কাঁধে বোঝার পরিমাণ আরও বাড়বে। সর্বোপরি ভারতকে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে সম্ভবত বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব চাঙা থাকবে। নয়াদিল্লির আন্তর্জাতিক অবস্থানের ওপর তাতে কী প্রভাব ফেলবে, সেটাও তাঁদের শিরঃপীড়ার কারণ হবে। নির্দিষ্ট করে বললে ভারতীয়দের বিষয়ে শঙ্কিত থাকতে হবে যে বাংলাদেশে হস্তক্ষেপ করলে তাদের গুরুতর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হবে। ইরান থেকে ভারতের জন্য তেলের সরবরাহ তাতে বাধাগ্রস্ত হতে পারে। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা কনসোর্টিয়াম এবং বিশ্বব্যাংকের কাছ থেকে সাহায্যপ্রাপ্তিও সমস্যার মধ্যে পড়তে পারে।বই পরিচিতি: মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড, মিজানুর রহমান খান, প্রথমা প্রকাশন, আগস্ট ২০১৩।
