অমর সিং মুখ খুললে অনেকে ফেঁসে যাবেন: জয়া প্রদা
সমাজবাদী পার্টির সাবেক নেত্রী ও অভিনেত্রী জয়া প্রদা গত বৃহস্পতিবার বলেছেন, অমর সিং মুখ খুললে অনেকেই ফেঁসে যাবেন। তিহার কারাগারে আটক অমর সিং অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তিনি।বিরোধী সাংসদদের ঘুষ দেওয়ার অভিযোগে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ও সমাজবাদী দলের (সোশ্যালিস্ট পার্টি) সাবেক সাধারণ সম্পাদক অমর সিংকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। আদালত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অমর সিংকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।জয়া প্রদা টাইমস অব ইন্ডিয়াকে জানান, অমর সিং ত ৎ কালীন ইউপিএ সরকারকে টিকিয়ে রাখতে ভূমিকা পালন করায় অনেকেই লাভবান হয়েছেন। কিন্তু এখন তাঁকে সবাই ছেড়ে গেছেন। জয়া বলেন, ‘বিচারব্যবস্থার ওপর আমার আস্থা আছে। কিন্তু সাধারণ মানুষ বলেছে, অমর সিং কেন কারাগারে? আস্থা ভোটে ইউপিএ সরকার টিকে যাওয়ায় তো তিনি লাভবান হননি। লাভ হয়েছে অন্যদের।’ জয়া বলেন, অমর সিং মুখ খুললে অনেকেই ফেঁসে যাবেন। কিন্তু অমর সিং শান্ত আছেন, তিনি তাঁর কথা রাখেন। এটাই তাঁর চরিত্র। গত বৃহস্পতিবার কারাগারে অমর সিংয়ের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা জানান।জয়া জানান, কারাগারে অমর সিং কিছুই খাচ্ছেন না। মাঝেমধ্যে বমিও করছেন। জয়া আশঙ্কা করেন, কিডনির জটিলতায় ভুগছেন অমর সিং। তিনি কারাগারের শৌচাগারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এটা এত বেশি অস্বাস্থ্যকর যে অসুস্থ অমর সিংয়ের জন্য তা বিপজ্জনক।২০০৮ সালে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারকে লোকসভায় আস্থা ভোটে টিকিয়ে রাখতে বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন এমপিকে ভোট দানে বিরত রাখতে অমর সিং ওই ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। অমর সিং তখন ইউপিএ সরকারের শরিক সমাজবাদী দলের সাংসদ ছিলেন। টাইমস অব ইন্ডিয়া।