অমর্ত্যকে রাজনীতিতে নাক না গলাতে উপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনা দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে রাজনীতিতে নাক না গলানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির বিষয়ে মন্তব্যের জের ধরে অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলা সঠিক হয়নি বলে মন্তব্য করেছে শিব সেনা।

আজ শুক্রবার পিটিআই অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।

অমর্ত্য সেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাত্কারে মন্তব্য করেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান না।

ওই মন্তব্যের পর বিজেপির সাংসদ চন্দন মিত্র এক টুইটার বার্তায় অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলেন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় থাকাকালে ১৯৯৯ সালে অমর্ত্য সেনকে এই পদক দেওয়া হয়েছিল।

শিব সেনার প্রধান যাদব থ্যাকারে সংগঠনটির মুখপত্র ‘সামানা’ পত্রিকায় আজ শুক্রবার প্রকাশিত এক সম্পাদকীয়তে বলেন, ‘সেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং এ ধরনের একটি দাবি (ভারতরত্ন পদক কেড়ে নেওয়া) তাঁর নিন্দুকদের পক্ষ থেকে ওঠা ঠিক নয়।’ তিনি আরও বলেন, একজন অর্থনীতিবিদ হিসেবে অমর্ত্য সেন প্রকৃতপক্ষে কী করেছেন, সে বিষয়ে দেশের গরিব মানুষ সন্দিহান। দেশের অর্থনীতি এখনো খারাপ অবস্থায়; দ্রব্যমূল্য বাড়ছে; বাড়ছে দারিদ্র্যও। মোদি এর সমাধান করতে পারেননি; আবার একজন নোবেলজয়ী হয়েও অমর্ত্য সেনের কাছে এর কোনো ওষুধ নেই।

থ্যাকারে প্রশ্ন রাখেন, ‘জনগণ যদি সেনকে বলেন, আপনি আপনার কাজ সঠিকভাবে করুন এবং রাজনীতিতে নাক গলানো থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে তাঁর কাছে কী উত্তর রয়েছে?’ তবে অমর্ত্য সেনের গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই বলেও তিনি উল্লেখ করেন।