অমানবিক আচরণ!
মাটি থেকে অনেক উঁচুতে বাঁধা তারের ওপর দিয়ে যাচ্ছে একটি মোটরসাইকেল। ওই বাহনে সওয়ার একটি ভালুক। শুধু তাই নয়, মোটরসাইকেলের সঙ্গে বাঁধা রশিতে ঝুলছে একটি বানর। দৃশ্যটি চীনের। আর এই দৃশ্যের ছবি প্রচার করেছে যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা। শুধু এই ছবি নয়, সংস্থাটি আরও কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে প্রাণীর ওপর নিষ্ঠুরতার চিত্র ফুটে উঠেছে।চীনের চিড়িয়াখানা ও থিম পার্কগুলোতে প্রাণীদের ওপর চালানো নিষ্ঠুরতা সম্পর্কে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে দাতব্য সংস্থাটি ছবিগুলো প্রকাশ করেছে।ব্রিটিশ দাতব্য সংস্থা ‘অ্যানিমেল এশিয়া’র প্রচারিত ছবিতে দেখা যায়, ভালুককে বাক্সের ভেতরে ঢুকতে বাধ্য করা হয়েছে। ঘোড়ার পিঠে চড়েছে দাঁতহীন বাঘ। অন্যদিকে ছাগলের শিংয়ের ওপর হাতে দাঁড়িয়ে আছে বানর। হংকংয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে ছবিগুলো প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, চীনের ১৩টি সাফারি পার্ক ও চিড়িয়াখানায় প্রাণীদের সঙ্গে নির্দয় আচরণ করা হয়। দাতব্য সংস্থার প্রতিনিধিরা গত ১২ মাসে চীনজুড়ে সাফারি পার্ক ও চিড়িয়াখানা পরিদর্শন করে এই প্রতিবেদন প্রণয়ন করেন।প্রথমবারের মতো চীনে প্রাণী অধিকার আইন পাসের জন্য দেশটির প্রতি জোর দাবি জানিয়ে আসছে প্রাণী অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো। চলতি বছরের শুরুর দিকে এ-সম্পর্কিত একটি খসড়া প্রস্তাব কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখনো সরকারি অনুমোদন মেলেনি।‘অ্যানিমেল এশিয়া’ সংস্থার প্রাণিকল্যাণবিষয়ক পরিচালক ডেভিড নিল বলেন, কৌশল শেখানোর সময় প্রাণীদের ওপর প্রায়ই নিষ্ঠুর আচরণ করা হয়। প্রাণীদের লোকচক্ষুর অন্তরালে অস্বাস্থ্যকর ও সংকীর্ণ স্থানে রাখা হয়।সংস্থার প্রতিবেদনে বলা হয়, প্রাণীদের প্রায়ই প্রদর্শন এলাকার পেছনে ছোট এলাকার মধ্যে রাখা হয়। প্রাণীদের আচরণগত প্রয়োজন মেটানোর জন্য কোনো ধরনের চেষ্টা নেওয়া হয় না। ডেভিড নিল বলেন, প্রাণীদের দিয়ে যেসব প্রদর্শনী করা হয়, তা অমানবিক এবং প্রাণীদের জন্য অবমাননাকর। টেলিগ্রাফ।