অর্ডিন্যান্স নিয়ে ঘোরতর আপত্তি
রাজনীতিকে অপরাধীমুক্ত করতে ভারতের সুপ্রিম কোর্টের সুপারিশের বিরোধিতায় কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স জারির সিদ্ধান্তের ঘোরতর বিরোধিতা শুরু হয়েছে।
বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্সে সই না করার অনুরোধ জানানো হয়েছে। আম আদমি পার্টি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলারও সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওই অর্ডিন্যান্সের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সর্বোচ্চ আদালত বলেছিল, অপরাধী নেতাদের বহাল রাখতে সরকার গণপ্রতিনিধিত্ব আইনে যে সংশোধন করেছিল, তা সংবিধানবিরোধী। সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট ধারাটিকে খারিজও করে দেন। সেই রায়ের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ায় সরকার বর্ষাকালীন অধিবেশনে রাজ্যসভায় একটি বিল আনে। নানা প্রশ্নের মুখে সেটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদন আসার আগেই কেন অর্ডিন্যান্স, সেই প্রশ্নই তুলেছে বিজেপি ও বামপন্থীরা।
তাড়াহুড়োর যে ব্যাখ্যা রাজনৈতিক মহলে আলোচিত, তার কেন্দ্রে রয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য রশিদ মাসুদ ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ। দুর্নীতির এক মামলায় সম্প্রতি তাঁর দুই বছরের সাজা হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ অন্যতম অভিযুক্ত। লালু এ সংক্রান্ত মামলায় অন্তত দুই বছরের সাজা পেলে রশিদ মাসুদের মতো তাঁকেও সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিতে হবে। আরও অনেক নেতানেত্রীই বিভিন্ন মামলায় জড়িত।
বিজেপির নেত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতেই টুইট করে বিরোধিতার কথা জানিয়ে দেন। বুধবার দুই কমিউনিস্ট পার্টির পক্ষে প্রকাশ কারাত ও ডি রাজা অর্ডিন্যান্সের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অর্ডিন্যান্সে সই করতে রাষ্ট্রপতি বাধ্য নন। তিনি ব্যাখ্যা চাইতে পারেন। ফেরতও পাঠাতে পারেন। তবে দ্বিতীয়বার সেই অর্ডিন্যান্স পাঠানো হলে রাষ্ট্রপতি সই করতে বাধ্য। ২০০২ সালে রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম রাজনীতিকদের তথ্যজ্ঞাপন বিষয়ে আনা সরকারি অর্ডিন্যান্স প্রথমবার ফেরত পাঠিয়েও দ্বিতীয়বার সেই অর্ডিন্যান্সে সই করতে বাধ্য হয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় কী করবেন, সেটাই দেখার বিষয়।