অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন নরিয়েগা
পানামার সাবেক স্বৈরশাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগা মাদক বিক্রির অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। গত মঙ্গলবার ফ্রান্সের একটি আদালতে তাঁর বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের অভিযোগকে কাল্পনিক আখ্যা দিয়ে নাকচ করে দেন নরিয়েগা। ফরাসি ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তাঁর বিচার শুরু হয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর আরও ১০ বছর কারাদণ্ড হতে পারে। প্যারিসের একটি আদালতকক্ষে ৭৬ বছর বয়সী নরিয়েগা গত শতাব্দীর আশির দশকে কলম্বিয়ার মাদকসম্রাটের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। নিজেকে একজন পেশাদার সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ফরাসি ব্যাংকে যে অর্থ জমা হয়েছে, তা তিনি আইনসংগত ব্যবসা ও সিআইএর পক্ষে কাজ করার মাধ্যমে উপার্জন করেছেন।তাঁর বিরুদ্ধে শুনানির দ্বিতীয় দিনে স্প্যানিশ ভাষায় দোভাষীর মাধ্যমে নরিয়েগা বলেন, ‘আমি বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আমার বিরুদ্ধে এই অভিযোগ একেবারেই সাজানো। আমি সব তথ্য উপস্থাপন করে আদালতে প্রমাণ করতে পারব, আমি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার।’ ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পানামা শাসন করেন জেনারেল নরিয়েগা। যুক্তরাষ্ট্রের মিয়ামি কারাগারে ২০ বছরেরও বেশি কারাভোগের পর গত ২৬ এপ্রিল তাঁকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়।১৯৯৯ সালে ফ্রান্সের একটি আদালত অর্থ পাচারসংক্রান্ত মামলায় নরিয়েগার অনুপস্থিতিতে তাঁকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন। ফরাসি ব্যাংকের মাধ্যমে মাদক বিক্রির ২০ লাখ ৩০ হাজার ইউরো পাচারের অভিযোগে গত সোমবার পুনরায় তাঁর বিচার শুরু হয়। প্যারিসে তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার জন্য আশির দশকে এই অর্থ নরিয়েগার স্ত্রী লেনদেন করেন। পরবর্তী সময়ে ফরাসি সরকার এ অর্থ জব্দ করে। কালো প্যান্ট ও সাদা শার্ট পরিহিত নরিয়েগা আদালতে বলেন, ‘আমি মাদক ব্যবসার বিরুদ্ধে লড়াই করেছি। সে জন্য যুক্তরাষ্ট্র, ইন্টারপোলসহ অনেক দেশের কাছ থেকে প্রশংসাও পেয়েছি।’যুক্তরাষ্ট্র সরকার নরিয়েগাকে ফ্রান্সে হস্তান্তরের পর থেকে তাঁর মুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন আইনজীবীরা। ৭৬ বছরের নরিয়েগা অসুস্থ হওয়ায় মানবিক বিচারে তাঁর মুক্তি দাবি করেছেন কৌঁসুলিরা। কিন্তু ফরাসি আদালত এ আবেদন নাকচ করে দিয়েছেন।