অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর গুরুদায়িত্বের পাশাপাশি এখন থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন মনমোহন সিং। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আগামী এক বা দুই মাস অর্থ মন্ত্রণালয়ের যাবতীয় কর্মকাণ্ডের দেখভাল করবেন তিনি।নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর বিবেচনায় উপযুক্ত সময় হলেই নতুন অর্থমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে। এমন একটা সময়ে মনমোহন সিং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিলেন, যখন ভারতে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। একই সঙ্গে শ্লথ হয়ে পড়েছে উৎপাদনের গতি, কমছে মুদ্রার মান।ভারতে রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করেছেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি পদত্যাগ করায় গত মঙ্গলবার অর্থমন্ত্রীর পদটি শূন্য হয়।তবে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন মনমোহনের জন্য মোটেও নতুন অভিজ্ঞতা নয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এএফপি।