অর্থ-সংকট কাটাতে গাড়ি ও মাছ বেচছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংগঠন আইএসকে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে ধনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেল চোরাচালান, চাঁদাবাজি, চুরি, অপহরণের পর মুক্তিপণ আদায় ও মানব পাচারের মাধ্যমে আয় করা অর্থ জঙ্গি তৎপরতায় খরচ করে সংগঠনটি। ছবি: রয়টার্স
জঙ্গি সংগঠন আইএসকে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে ধনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেল চোরাচালান, চাঁদাবাজি, চুরি, অপহরণের পর মুক্তিপণ আদায় ও মানব পাচারের মাধ্যমে আয় করা অর্থ জঙ্গি তৎপরতায় খরচ করে সংগঠনটি। ছবি: রয়টার্স

সাম্প্রতিক সময়ের আলোচিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে ধনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের আয়ের উৎস নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল, তেল চোরাচালান, চাঁদাবাজি, চুরি ও মানব পাচার থেকে আয় করা অর্থ জঙ্গি তৎপরতায় খরচ করে আইএস। কিন্তু সম্প্রতি সিরিয়া ও ইরাকের কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোয় বেশ অর্থকষ্টে পড়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠনটি। কারণ, নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ায় বেশ সমস্যা পড়েছে জঙ্গি সংগঠনটি। এ জন্য সাময়িকভাবে ধাক্কা সামলাতে হ্রদ-সমৃদ্ধ উত্তর ইরাকে মাছ ও গাড়ি বিক্রি করে ব্যয় মেটাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।
নানা অবৈধ কাজের মাধ্যমে জঙ্গি সংগঠনটি গড়ে প্রতিদিন ৩০ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ আয়ের খবর পাওয়া গেছে। আইএস ইরাক ও সিরিয়ার যেসব অঞ্চল নিজেদের দখলে ছিল, সেখানে অন্তত ১১টি গ্যাসক্ষেত্র ছিল। এসব গ্যাসক্ষেত্র থেকে জঙ্গি সংগঠনটির কর্মীরা তেল চোরাচালান করে বিপুল অর্থ কোষাগারে জমাতেন। এ ছাড়া ওই অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ ও মানব পাচারের মাধ্যমেও অর্থ সংগ্রহ করে আইএস। কিন্তু এখন তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ও গাড়ি বিক্রি করে নিজেদের ব্যয় মেটাচ্ছে আইএস। এখন প্রশ্ন হতে পারে, হঠাৎ কেন মাছ ও গাড়ি বিক্রি করে ব্যয় মেটাতে বাধ্য হলো জঙ্গিরা।

ইরাকের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সম্প্রতি বলেছে, তেলক্ষেত্রে নিয়ন্ত্রণ হারানো আইএস উত্তর ইরাকে মাছ বিক্রি করে গত এক মাসে লাখ লাখ ডলার কামিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের লক্ষ্যবস্তু এখন আইএসের আর্থিক ব্যবস্থাপনার দিকে। সেই লক্ষ্যে ওই স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালানো হচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি ২০১৪ সালে ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এরপর নানা সীমাবদ্ধতার মধ্যে এগিয়ে চলা এই জঙ্গিগোষ্ঠীর চাষাবাদের মাধ্যমে মুনাফা বাড়ানোর উদ্যোগ নিতে দেখে মনে হতে পারে এরা পুনরুজ্জীবিত হতে চায়।
এই মুহূর্তে ইরাক ও সিরিয়ায় বেশ বেকায়দায় আইএস জঙ্গিরা। এতে দিনের তেল বিক্রি করে দলের খরচ চালানোর রাস্তাও বন্ধ হওয়ার উপক্রম। অতএব, উপায় না দেখে মাছ ও গাড়ি বিক্রির দিকে ঝুঁকে পড়েছে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে ধনী হিসেবে বিবেচিত আইএস।

নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে আইএস। সাময়িকভাবে ওই ধাক্কা সামলাতে মাছ ও গাড়ি বিক্রি করে ব্যয় মেটাচ্ছে জঙ্গি সংগঠনটি। ছবি: রয়টার্স
নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে আইএস। সাময়িকভাবে ওই ধাক্কা সামলাতে মাছ ও গাড়ি বিক্রি করে ব্যয় মেটাচ্ছে জঙ্গি সংগঠনটি। ছবি: রয়টার্স

ইরাকের কেন্দ্রীয় আদালতের একটি তদন্ত প্রতিবেদনে বিচারক জব্বার আবিদ আল হুশায়মি বলেন, ‘সন্ত্রাসী’ এই সংগঠনটি দুই বছর আগে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার সময় থেকে বর্তমানে অর্থায়নপ্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের পর আইএস তাদের কার্যক্রম চালাচ্ছিল। তারা যোদ্ধাদের অর্থ পরিশোধ ও তাদের কার্যক্রমে অর্থায়ন করত ওই আয় থেকে।
উত্তর বাগদাদের শত শত হ্রদ দখলে নিয়ে মাছ বিক্রি করে অর্থের জোগান আসছে আইএসের। গত এক মাসের লাখ লাখ ডলার তারা মাছ বিক্রি করে নিজেদের কোষাগারে ভরেছে। ওই এলাকায় হ্রদের কিছু মালিক ভয়ে পালিয়ে গেছেন আর কিছু মালিক আক্রান্ত হওয়ার ভয়ে আইএসের সঙ্গে সহযোগিতার মাধ্যমে খামারে মাছের চাষ ও ব্যবসা করছেন।

বিচারক জব্বার আবিদ আল হুশায়মি বলেন, দায়েশ, উত্তর বাগদাদের একটি প্রদেশ এবং এটিকে অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এ অঞ্চল রাজধানী বাগদাদে অর্থায়নের একটি প্রাথমিক উৎসও।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে মাছের খামার থেকে এবং গাড়ি বিক্রি থেকে আয় করছে আইএস। আইএস পূর্বসূরি আল-কায়েদার মতো মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সবার দৃষ্টি আকর্ষণ করে। আইএস তাদের নিয়ন্ত্রিত এলাকায় কৃষিভূমি থেকে পাওয়া কর ও হাঁস-মুরগির খামারের ওপর ১০ শতাংশ করারোপের মাধ্যমে আয় করে। সম্প্রতি ইরাকের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে এলাকার কৃষকদের ওপর আরোপিত করের এবং কৃষিজমির ওপর নির্ভরতা বাড়ছে আইএসের। ইরাকের সরকারের কাছ থেকে দখল করা এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর গাড়ি ব্যবসায়ী ও কারখানা থেকে অর্থের সমাগম ঘটছে আইএসের কোষাগারে।
তেল বিক্রি কমে যে লোকসান হচ্ছে, তাতে সম্ভবত আংশিকভাবে সাহায্য করছে মাছ ও গাড়ির বিক্রির অর্থ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএস বলছে, গত গ্রীষ্মের পর আইএসের রাজস্ব এক-তৃতীয়াংশ কমে গিয়েছে এবং গত মাসে রাজস্ব কমে গিয়ে দাঁড়িয়েছে ৫৬ মিলিয়নে।
আরও পড়ুন : আইএস এত অর্থ পায় কোথায়? 
আইএসের আয়ের উৎস কী?